বাংলাদেশ

২ কোটি টাকায় দুর্লভ বস্তু কেনার পর বাক্সে মিলল জ্যান্ত সাপ, গ্রেফতার ৪

প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৯:৪৮

২ কোটি টাকায় দুর্লভ বস্তু কেনার পর বাক্সে মিলল জ্যান্ত সাপ, গ্রেফতার ৪

মৌলভীবাজারে কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েন ক্রয়-বিক্রয়ের প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চার প্রতারককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি গাড়িসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা।

 

তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে দুজনের বাড়ি মৌলভীবাজারের রাজনগর ও শ্রীমঙ্গল উপজেলায়। অপর দুজনের বাড়ি ঢাকা জেলায়।

 

অতিরিক্ত পুলিশ সুপার জানান, রাজনগর উপজেলার বালিসহস্র গ্রামের আব্দুর রহিম নামের এক ব্যক্তি ২০২৪ সালের জানুয়ারি মাসে কুলাউড়া থানায় তার পূর্বপরিচিত ইলিয়াছুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা করেন।

 

মামলায় কথিত সীমান্ত পিলার ক্রয়-বিক্রয়ের কথা বলে ২ কোটি ২০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করা হয়। এ মামলার পর থেকেই প্রতারক চক্রটিকে খুঁজছিল পুলিশ।

 

পরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি গাড়িসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

 

পুলিশ জানিয়েছে, এ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েন বিক্রির প্রলোভন দেখিয়ে অভিনব কৌশলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল। ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে।

২ কোটি টাকায় দুর্লভ বস্তু কেনার পর বাক্সে মিলল জ্যান্ত সাপ, গ্রেফতার ৪ | সময় নিউজ