খেলা

বৃষ্টি আইনে জিতে হোয়াইটওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১২:৩১

বৃষ্টি আইনে জিতে হোয়াইটওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া

শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ছবি: এএফপি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগেই নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে তাই অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল হোয়াইটওয়াশ এড়ানো। সেই লক্ষ্য পূরণ করেছে অজিরা। বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকাকে ৪৫ রানে হারিয়ে সিরিজ ২-১ ব্যবধানে শেষ করেছে অস্ট্রেলিয়া।


পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। উদ্বোধনী জুটিতে আসে ৭৮ রান। হেড ২০ বলে ২৪ এবং মার্শ ৪২ বলে ৫৬ রান করেন।


পরে অ্যালেক্স ক্যারি ও অলিভার পিকের ব্যাটে বড় সংগ্রহের পথে এগোয় অস্ট্রেলিয়া। পিক করেন ৪৮ রান, ক্যারি ৮৮ বলে ৭৪। শেষ দিকে ক্যামেরন গ্রিনের ২৩ রানের ক্যামিওতে ৯ উইকেটে ৩২২ রান তোলে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার করবিন বশ নেন ৪ উইকেট।


জবাবে শুরুতেই বিপদে পড়ে প্রোটিয়ারা। তবে রায়ান রিকেলটনের ৮১ বলে ৭১ রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় তারা। ১৪৫ রানে ৪ উইকেট হারানোর পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় ম্যাচ। শেষ পর্যন্ত আর খেলা না হওয়ায় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৪৫ রানে জয় পায় অস্ট্রেলিয়া। 


অস্ট্রেলিয়ার হয়ে দুইটি করে উইকেট নেন বার্টলেট ও জাম্পা। বৃষ্টির আগ পর্যন্ত রায়ান রিকেল্টন অপরাজিত ছিলেন ৭১ রানে। প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয় পায় যথাক্রমে ৬৭ ও ৩২ রানে। 

বৃষ্টি আইনে জিতে হোয়াইটওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া | সময় নিউজ