মহানগর ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৫

চলতি বছর মোট হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা পৌঁছেছে ৭৯ হাজার ৬২০ জনে। ছবি: সংগৃহীত
দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ জনে।
একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৯৪৮ জন রোগী। এতে চলতি বছর মোট হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা পৌঁছেছে ৭৯ হাজার ৬২০ জনে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৩৪৩ জন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২০ জন, খুলনা বিভাগে ২৪৮ জন, বরিশাল বিভাগে ২১২ জন, রাজশাহী বিভাগে ২১১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২১০ জন হাসপাতালে ভর্তি হন।
অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ১১০ জন, রংপুর বিভাগে ৯৯ জন এবং সিলেট বিভাগে ১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছর এ পর্যন্ত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন মোট ৭৩ হাজার ৮৯০ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮৮২ জন।

