আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৬

উপসাগরীয় অঞ্চলে ভেঙে পড়া যুদ্ধবিরতি পুনর্বহালের লক্ষ্যে তেহরানের দেয়া প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ওয়াশিংটন। যদিও কয়েক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
ইরান সরকারের একজন মুখপাত্র বলেছেন, চলমান যুদ্ধকে ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি জবাব পেয়েছে ইরান।
ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ‘আজকের মন্ত্রিসভার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর আব্বাস আরাঘচি নিউইয়র্ক সফর এবং সেখানে অনুষ্ঠিত একাধিক বৈঠক ও সাক্ষাতের প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে মধ্যস্থতাকারীদের মাধ্যমে হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য ইরানের প্রস্তাবিত শর্ত উপস্থাপনের বিষয়টিও ছিল।
তিনি আরও বলেন, আরাঘচি যুক্তরাষ্ট্রের পক্ষের প্রস্তাব প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে উপস্থাপন করেছেন। তবে যুক্তরাষ্ট্রের জবাবের বিস্তারিত তিনি প্রকাশ করেননি।
এর আগে এক প্রতিবেদনে রয়টার্স জানায়, মঙ্গলবার রাতে দোহায় কাতারি মধ্যস্থতাকারীর কাছ থেকে সাত দিনের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব গ্রহণ করেন আব্বাস আরাঘচি। পরিকল্পনাটির বিভিন্ন ধাপ বাস্তবায়নের ক্রম নিয়ে দুই পক্ষের মধ্যে প্রধান মতপার্থক্য রয়েছে।
এর আগে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে সাত দফা প্রস্তাব পাঠিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। হরমুজ প্রণালি পুনরায় চালুর শর্ত নিয়েই মূলত এই প্রস্তাব দেয়া হয়েছে।

