খেলা

মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিচ্ছে আর্জেন্টিনার বিশ্ববিদ্যালয়

খেলা ডেস্ক

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১২:৩১

মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিচ্ছে আর্জেন্টিনার বিশ্ববিদ্যালয়

অবসরের আগে মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিচ্ছে বুয়েন্স এইরেস বিশ্ববিদ্যালয়য়। ছবি: এএফএ

লিওনেল মেসির অর্জনের খাতায় আরও একটি সম্মাননা যোগ হতে যাচ্ছে। এখন থেকে চাইলেই এই আর্জেন্টাইন কিংবদন্তিকে 'ডক্টর' লিওনেল মেসি ডাকাই যায়। বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় (ইউবিএ) তাকে সম্মানসূচক ডক্টরেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) এই সম্মাননা তাকে প্রদান করা হবে। দিনটি হবে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচের আগের দিন।

 

ইউবিএ-এর উচ্চ পরিষদ সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব অনুমোদন করেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, 'তার ক্যারিয়ার উৎকর্ষ, অধ্যবসায়, বিনয় এবং নিজের পেশাগত কর্মকাণ্ডে নৈতিকতার এক উদাহরণ। একই সঙ্গে আর্জেন্টিনা প্রজাতন্ত্রের জাতীয় প্রতিনিধিত্বের প্রতি তার যে অঙ্গীকার, সেটিও প্রশংসনীয়; এগুলো এমন মূল্যবোধ, যা এই বিশ্ববিদ্যালয় ঐতিহাসিকভাবে প্রচার করে আসছে।'

 

বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের রেক্টর রিকার্দো গেলপি সিদ্ধান্তটির ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, 'সব আর্জেন্টাইন মেসি সম্পর্কে যা জানেন, তার বাইরে তার ক্রীড়াবিদ হিসেবে মর্যাদা প্রমাণ করা সংখ্যা ও পরিসংখ্যান বাদ দিলেও, আমরা একজন বিনয়ী ও অধ্যবসায়ী মানুষকে স্বীকৃতি দিতে চাই। তিনি আমাদের জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের একজন উদাহরণ এবং দূত।'

 

তিনি আরও বলেন, 'এই সম্মানের মাধ্যমে আমরা এমন একজন মানুষের গুরুত্ব ও প্রভাবকে তুলে ধরতে চাই, যিনি খেলাধুলার মাধ্যমে এবং এর বাইরেও অসাধারণ সব সাফল্য অর্জন করেছেন এবং উৎকর্ষের এক উদাহরণে পরিণত হয়েছেন।'

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমিলিয়ানো ইয়াকোবিত্তি বলেন, 'মেসি আর্জেন্টিনার জার্সির মূল্যবোধকে তুলে ধরতে পেরেছেন এবং সাহস ও সম্মানের সঙ্গে সেটির প্রতিনিধিত্ব করেছেন। এভাবেই তিনি আর্জেন্টিনাকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। তবে এই সম্মানসূচক ডক্টরেট শুধু তার ফুটবল ক্যারিয়ারের স্বীকৃতি নয়। এটি একটি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা, যা বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুরো আর্জেন্টাইন সমাজের প্রতিনিধিত্ব করে তাকে প্রদান করা হচ্ছে।'

 

সম্মানসূচক ডক্টরেট হলো বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের দেওয়া সর্বোচ্চ সম্মানসূচক উপাধি। মেসিই প্রথম ক্রীড়াবিদ, যিনি এই সম্মান পাচ্ছেন।

 

বিশ্ববিদ্যালয় তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে এর ব্যাখ্যা দিয়ে বলেছে, 'বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দীর্ঘদিনের একটি আন্তর্জাতিক ঐতিহ্যের অংশ হিসেবেই এই সম্মান দেওয়া হচ্ছে। খেলাধুলার মাধ্যমে যারা অসাধারণ সাফল্য অর্জন করেছেন এবং নিজ নিজ ক্ষেত্রে উৎকর্ষ ও মূল্যবোধের প্রভাবশালী উদাহরণে পরিণত হয়েছেন, তাদের শ্রেষ্ঠত্ব, গুরুত্ব ও প্রভাবকে স্বীকৃতি দেওয়াই এর উদ্দেশ্য।'
 

মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিচ্ছে আর্জেন্টিনার বিশ্ববিদ্যালয় | সময় নিউজ