খেলা ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৫

মোহাম্মদ রিজওয়ান। ছবি: এএফপি
পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে দ্বিতীয়বারের মতো নোটিশ দিয়েছে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন অথরিটি (এনসিসিআইএ)। নোটিশে তাকে শুক্রবার এনসিসিআইএর সামনে হাজির হতে বলা হয়েছে।
অনলাইনে বেটিং ও জুয়া-সংক্রান্ত কর্মকাণ্ডের অভিযোগের তদন্তের অংশ হিসেবে রিজওয়ানকে এনসিসিআইএর সামনে থাকতে বলা হয়েছে। জাতীয় দলের এই ক্রিকেটারের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা ও বিশ্লেষণের জন্য এনসিসিআইএ রিজওয়ানের সহযোগিতা চেয়েছে। তার ফোন জব্দ করা হয়েছিল গত ইংল্যান্ড সফর চলাকালে।
নোটিশে বলা হয়েছে, তিনি হাজির না হলে সেটিকে এমনভাবে বিবেচনা করা হবে যে, তার আত্মপক্ষ সমর্থনে উপস্থাপন বা বলার মতো কিছু নেই। জিও সুপারের খবর অনুযায়ী, এই ক্রিকেটার নির্ধারিত সময়ে তার আইনজীবীকে সঙ্গে নিয়ে সংস্থাটির সামনে হাজির হবেন।
রিজওয়ান তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পর্কে জানতে চাইবেন। এর মধ্যে তদন্তে তার অসহযোগিতার কারণে তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে, এমন অভিযোগও রয়েছে। এনসিসিআইএর বারবার চেষ্টা সত্ত্বেও নাকি রিজওয়ান ইতিবাচক সাড়া দেননি।
রিজওয়ান এর আগে এক আবেদনে তদন্তের লিখিত বিবরণ চেয়েছিলেন এবং তার মোবাইল ফোন ফেরত দেওয়ারও দাবি করেছিলেন। দ্বিতীয় নোটিশে এনসিসিআইএ রিজওয়ানের আগের আবেদনের জবাব দেয়নি।

