খেলা

বুলগেরিয়ার ফুটবল লিগের ক্লাব সভাপতিকে গুলি করে হত্যা

খেলা ডেস্ক

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৩:২৩

বুলগেরিয়ার ফুটবল লিগের ক্লাব সভাপতিকে গুলি করে হত্যা

বুলগেরিয়ার শীর্ষ লিগের দল বোটেভ প্লভদিভের সভাপতি ইলিয়ান ফিলিপভ নিজ বাড়ির বাইরে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। ছবি: ফেসবুক

বুলগেরিয়ার শীর্ষ লিগের দল বোটেভ প্লভদিভের সভাপতি ইলিয়ান ফিলিপভ নিজ বাড়ির বাইরে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। ৫৩ বছর বয়সী এই ব্যবসায়ী ও ক্লাবপ্রধানকে বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর প্লভদিভে গুলি করা হয়। ঘটনার পর স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে।

 

বুলগেরিয়ার শীর্ষ বিভাগের ক্লাবটির সভাপতিকে রাত আনুমানিক ১টার দিকে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে গুলি করা হয়। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবিদ্ধ এক ব্যক্তির বিষয়ে জরুরি ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ফিলিপভকে মৃত অবস্থায় দেখতে পায়। পুলিশ ঘটনাস্থল পরীক্ষা করার সময় আনুষ্ঠানিকভাবে প্রাক-বিচার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তবে এখনো হত্যার সম্ভাব্য কারণ বা কোনো সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

 

ক্লাবের কর্মকর্তারা তাদের সভাপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ২০২৫ সালের গ্রীষ্মে দলটিকে আর্থিক ও সাংগঠনিক সংকট থেকে রক্ষা করার পাশাপাশি হ্রিস্তো বোটেভ স্টেডিয়ামের সম্পূর্ণ পুনর্নির্মাণের কাজ তদারকির জন্য ফিলিপভ ব্যাপকভাবে প্রশংসিত ছিলেন।

 

ইনস্টাগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘সভাপতি ইলিয়ান ফিলিপভের মর্মান্তিক মৃত্যুতে পিএফসি বোটেভ প্লভদিভ গভীরভাবে শোকাহত। ক্লাবের ব্যবস্থাপনা, খেলোয়াড় ও কর্মীরা তার পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। ইলিয়ান ফিলিপভ চিরকাল বোটেভ প্লভদিভের ইতিহাসের অংশ হয়ে থাকবেন। ২০২৫ সালের গ্রীষ্মে ক্লাবটিকে রক্ষা করতে তার অবদান এবং ‘হলুদ-কালো’ দলের প্রতি তার নিবেদন আমাদের পরিবারের সবাই স্মরণ করবে।’

 

‘প্রজন্মের পর প্রজন্ম তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার তত্ত্বাবধানেই হ্রিস্তো বোটেভ স্টেডিয়ামের পুনর্নির্মাণ সফলভাবে সম্পন্ন হয় এবং এটি বুলগেরিয়ার সবচেয়ে আধুনিক ক্রীড়া ভেন্যুতে পরিণত হয়। এই কঠিন সময়ে আমরা সবাই তার পরিবার, স্বজন ও বন্ধুদের পাশে আছি। তার আত্মা শান্তিতে থাকুক,’–বিবৃতিতে যোগ করা হয়েছে। 

 

এই হত্যাকাণ্ড ১৯৯০-এর দশকের ভয়াবহ স্মৃতিকে আবারও সামনে নিয়ে এসেছে। সে সময় বুলগেরিয়াজুড়ে জনপরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে মাফিয়া-ধাঁচের হত্যাকাণ্ডের ঘটনা ছিল বেশ ঘন ঘন। আগামী মাসের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা যখন বাড়ছে, ঠিক সেই সময়েই এই হত্যাকাণ্ড ঘটল।

 

ঘটনার পর বোটেভ প্লভদিভ সব ধরনের ক্রীড়া কার্যক্রম স্থগিত করে আনুষ্ঠানিকভাবে শোক পালনের ঘোষণা দিয়েছে। ক্লাবটি জানায়, ‘বোটেভ প্লভদিভ ও সেপ্টেমভ্রি সোফিয়ার মধ্যকার নির্ধারিত প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে না। পুরুষ দলের আজকের অনুশীলনও বাতিল করা হয়েছে। সব খেলোয়াড় ও কোচ সভাপতি ইলিয়ান ফিলিপভের মৃত্যুতে শোক পালন করছেন।’

 

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইলিয়ান ফিলিপভের প্রতি সম্মান জানিয়ে আগামী সপ্তাহান্তে যুব একাডেমির নির্ধারিত সব ম্যাচ স্থগিত করা হয়েছে। ১০ অক্টোবর স্লাভিয়ার বিপক্ষে ম্যাচ পর্যন্ত প্রথম দলের সব অনুশীলন দর্শক ও গণমাধ্যমের উপস্থিতি ছাড়াই অনুষ্ঠিত হবে এবং ক্লাব কোনো গণমাধ্যম কার্যক্রমে অংশ নেবে না।’

 

গভীর শোকের মধ্যেই এখন প্লভদিভকে নিজেদের সামলে নিয়ে ঘরোয়া লিগের অভিযান আবার শুরু করতে হবে। ১০ অক্টোবর ঘরের মাঠে স্লাভিয়া সোফিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তারা লিগে ফিরবে।

 

বর্তমানে বুলগেরিয়ান ফার্স্ট লিগের পয়েন্ট টেবিলে ‘দ্য ক্যানারিজ’ নামে পরিচিত বোটেভ প্লভদিভ ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। শীর্ষে থাকা লেভস্কি সোফিয়ার চেয়ে তারা ৯ পয়েন্ট পিছিয়ে এবং একটি ম্যাচ বেশি খেলেছে।

বুলগেরিয়ার ফুটবল লিগের ক্লাব সভাপতিকে গুলি করে হত্যা | সময় নিউজ