আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের চলমান সামরিক আগ্রাসন ও ধ্বংসযজ্ঞের তীব্র সমালোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি। তিনি বলেছেন, গাজায় সংঘটিত কর্মকাণ্ডের জন্য যারা দায়ী, তারা যুদ্ধাপরাধী। আল জাজিরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানের অনুষ্ঠান ‘পিয়ার্স মরগান আনসেন্সরড’-এ দেওয়া সাক্ষাৎকারে গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের ধরন নিয়ে প্রশ্ন করা হলে এ মন্তব্য করেন কাতারের প্রধানমন্ত্রী।
শেখ মোহাম্মদ বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলাটি ছিল একটি ‘হত্যাযজ্ঞ’, যার নিন্দা হওয়া উচিত। ওই হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার পক্ষেও অবস্থান জানান তিনি।
তবে ৭ অক্টোবরের হামলার জবাব হিসেবে গাজায় ইসরাইলের পরবর্তী সামরিক আগ্রাসনকে কোনোভাবেই ন্যায্যতা দেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, হাসপাতালগুলোতে হামলা হয়েছে, স্কুলগুলোতে হামলা হয়েছে। এসব কর্মকাণ্ডের পক্ষে যে যুক্তি বা ব্যাখ্যাই দেওয়া হোক না কেন, কোনো কিছুই এর ন্যায্যতা প্রমাণ করে না।
কাতারের প্রধানমন্ত্রী আরও বলেন, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় দোহার মধ্যস্থতার প্রচেষ্টা যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই ইসরাইলের কর্মকাণ্ডের কারণে বারবার বাধাগ্রস্ত হয়েছে। তিনি বলেন, যুদ্ধ বন্ধে কাতার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে এবং আলোচনার মাধ্যমেই সংকট সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে শেখ মোহাম্মদ বলেন, গাজায় সংঘটিত কর্মকাণ্ডের ক্ষেত্রে তিনি ‘সীমা অতিক্রম করেছেন’। একই সঙ্গে ২০২৫ সালে দোহায় হামাসের কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরাইলি হামলারও নিন্দা জানান তিনি।

