নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৩:২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় । ছবি: সময় সংবাদ
দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশবিরোধী ষড়যন্ত্র ও অপচেষ্টা চলছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ঐক্যবদ্ধ থেকে দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে প্রগতিশীল জাতীয়তাবাদী দল আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
গয়েশ্বর বলেন, জনগণ যত শক্তিশালী হবে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করা ততই সহজ হবে।
তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধতা বজায় রেখে দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে। রাষ্ট্রকে সঠিক পথে আনতে আইনের যেকোনো প্রয়োগ গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
একই আলোচনা সভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিভিন্ন অপশক্তি দেশকে কলুষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
এসময়, গণতন্ত্র রক্ষায় বর্তমান সরকারকে দেশ পরিচালনায় সময় দিয়ে বিরোধীদলের প্রতি সহযোগিতার আহ্বান জানান তিনি।

