প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩২

মৌলভীবাজারের শহরে নাঈম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় পাঁচজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের বিজ্ঞ দায়রা জজ মুহাম্মদ রবিউল আউয়াল এ রায় দেন।
মামলার রায় সূত্রে জানা যায়, মৌলভীবাজার শহরতলির বর্ষিজোড়া এলাকার ছেরাগ আলী নামে এক ব্যক্তির কাছে এই সংঘবদ্ধ আসামিরা চাঁদা দাবি করে আসছিলো। এতে ছেরাগ আলী চাঁদা দিতে না চাইলে ক্ষিপ্ত হয়ে আসামিরা ২০২৩ সালের ৭ মে বাড়িতে এসে তার ছেলে নাঈমের বিরুদ্ধে নানা অভিযোগ আনে। এক পর্যায়ে তারা বাড়িতে হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে নাঈমের ওপর এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর অবস্থায় তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতে নাঈমের বাবা ছেরাগ আলী ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ হত্যা মামলায় বিজ্ঞ দায়রা জজ আদালত আজ দুপুরে চারজনের মৃত্যুদণ্ড ও পাঁচজনকে বেকসুর খালাস দিয়েছেন। তবে চার আসামির মধ্যে নুরুল ইসলাম নামে একজন গ্রেফতার হলেও অন্য তিন আসামি পলাতক রয়েছে।
এ রায়ে নিহত নাঈমের বাবা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

