প্রতিবেদক, মুন্সীগঞ্জ
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ২১:০১

অভিযুক্ত নাহিদ শেখ। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ বাদী হয়ে অভিযুক্ত নাহিদ শেখকে আসামি করে মামলা দায়ের করেছেন। শ্রেণিকক্ষে ঢুকে মারধর ও আছাড় দেয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রস্তুতিমূলক কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির শ্রেণিকক্ষে অবস্থান করছিল। এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) ষষ্ঠ শ্রেণির ছাত্র আতিকুর রহমানকে মারধরের সন্দেহে বৃহস্পতিবার সকালে তার চাচা নাহিদ শেখ (৩৫) শ্রেণিকক্ষে প্রবেশ করেন। পরে তিনি একই শ্রেণির ছাত্র হাবিবকে (১৩) ধরে শ্রেণিকক্ষের ভেতর তিনবার আছাড় দেন বলে অভিযোগ ওঠে।
এ সময় শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা ভয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে বিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে এগিয়ে আসেন। পরে প্রধান শিক্ষক নাহিদ শেখকে তার কক্ষে নিয়ে যান এবং বিষয়টি সিরাজদিখান থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে গিয়ে নাহিদ শেখকে আটক করে থানায় নিয়ে যায়। আটক নাহিদ শেখ উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের মৃত আব্দুর জব্বার শেখের ছেলে।
ঘটনাটি নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম জানান, বুধবার দুই ছাত্রের মধ্যে ঝগড়া হয়েছিল। এর জেরে বৃহস্পতিবার এক ছাত্রের অভিভাবক আরেক ছাত্রকে মারধর করে। প্রধান শিক্ষকের কাছে বিচার না দিয়ে এভাবে শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে মারধরের বিষয়টি খুবই লজ্জাজনক।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘অভিযুক্ত অভিভাবক থানায় আটক আছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে।’
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’

