হাছান ওয়ালী
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ২১:২৫

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় ফুলগাজী ডাকবাংলোয় ডিজিটাল মাধ্যমে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে স্থাপিত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সিস্টেমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় ফুলগাজী ডাকবাংলোয় আয়োজিত এক সুধী সমাবেশে ডিজিটাল মাধ্যমে নতুন এই সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ সময় পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিন উপজেলার স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে এ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অব্যবহৃত সরকারি ভবনের ছাদ কাজে লাগিয়ে স্থাপিত এসব সৌরবিদ্যুৎ কেন্দ্রগুলো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে নতুন মাত্রা যোগ করবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বিদ্যুৎ চাহিদার বড় একটি অংশ পূরণ করে জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

