প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৬:০৯

কুষ্টিয়ার মিরপুরে বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার সদরপুর ইউনিয়নের আমতলা মাদরাসার সামনে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ভ্যানচালক কামরুল ইসলাম এবং যাত্রী ভানুমতি (৫৫)। এর মধ্যে ভানুমতি কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকার স্বস্তিপুর গ্রামের হাসেম আলীর স্ত্রী এবং কামরুল ইসলাম মিরপুর উপজেলার নওদা আজমপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা জানান, ভানুমতি তার মেয়েকে নিয়ে জামাইর বাড়ি নওদা আজমপুরে বেড়াতে এসেছিলেন। সকালে তারা একটি ভ্যানে করে যাচ্ছিলেন। এ সময় ভ্যানটির এক্সেল ভেঙে গেলে সেটি সড়কের ওপর পড়ে যায়। পেছন থেকে আসা মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভানুমতি মারা যান। এ ঘটনায় ভানুমতির মেয়ে হাসিনা ও ভ্যানচালক কামরুল ইসলাম গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, আইসিইউতে নেয়ার কিছুক্ষণ পরই ভ্যানচালক কামরুল মারা যান। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

