বাংলাদেশ

মুন্সীগঞ্জে অগ্রণী ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ, পলাতক ক্যাশিয়ার গ্রেফতার

প্রতিবেদক, মুন্সীগঞ্জ

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৮

মুন্সীগঞ্জে অগ্রণী ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ, পলাতক ক্যাশিয়ার গ্রেফতার

গ্রেফতার অগ্রণী ব্যাংক কর্মকর্তা মো. শরিফুজ্জামান সোহাগ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে আত্মগোপনে থাকা ব্যাংক কর্মকর্তা মো. শরিফুজ্জামান সোহাগকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শরিফুজ্জামান সোহাগ শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখায় ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, ব্যাংকের মূল অ্যাকাউন্টে জমা না দেখিয়ে গ্রাহকদের জমার স্লিপ দিয়ে নিজে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি।

অর্থ আত্মসাতের ঘটনাটি প্রকাশ্যে আসার পর কয়েক দিন ধরে শাখাটির সামনে ভুক্তভোগী গ্রাহকদের ভিড় ও বিক্ষোভ চলছে। ব্যাংক সূত্রে জানা গেছে, গত দুই দিনে অন্তত ২৩০ জন গ্রাহক লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এসব অভিযোগে সর্বনিম্ন ১ লাখ থেকে সর্বোচ্চ ৮৪ লাখ টাকা পর্যন্ত আত্মসাতের প্রমাণ মিলেছে। সংশ্লিষ্টদের ধারণা, লোপাট হওয়া অর্থের পরিমাণ ২৫ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, তারা ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির সঙ্গে নয়, ব্যাংকের কাউন্টারে বসেই জমা স্লিপের মাধ্যমে টাকা লেনদেন করেছেন। মাসের পর মাস ধরে এই জালিয়াতি চললেও কর্তৃপক্ষের নজরে না আসা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এদিকে জালিয়াতির ঘটনায় জড়িত সন্দেহে ব্যাংকের আরেক কর্মকর্তা জিন্নাহ হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

অগ্রণী ব্যাংকের মুন্সীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের জ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসার সৌরভ জমাদ্দার জানান, প্রধান কার্যালয়ের একটি বিশেষ তদন্ত দল বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনাটি দুর্নীতি দমন কমিশনও (দুদক) তদন্ত করছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার শরিফুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আত্মসাৎ করা অর্থের হদিস পেতে এবং এই চক্রের অন্যদের শনাক্তে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মুন্সীগঞ্জে অগ্রণী ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ, পলাতক ক্যাশিয়ার গ্রেফতার | সময় নিউজ