প্রতিবেদক, বরিশাল
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ২২:০১

বরিশাল জেলার উজিরপুরের বামরাইল বাজারে খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে নিজ হাতে চা-রুটি খাইয়ে দেশজুড়ে আলোচনায় আসা শিশু তুবা বিনতে অরনি অবশেষে বিদ্যালয়ে ফিরেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা তাকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে যান। সেখানে শিক্ষকরা তাকে স্বাগত জানান।
জানা গেছে, পারিবারিক নানা সংকটে দীর্ঘদিন স্কুলে যেতে পারেনি তুবা। এর মধ্যেই উপজেলার বামরাইল বাজারে তার বাবা অনিককে খুঁটির সঙ্গে বেঁধে রাখার খবর পেয়ে সে ঘটনাস্থলে ছুটে যায়। বাবাকে বাঁধা অবস্থায় দেখে বাজার থেকে চা-রুটি এনে খাইয়ে দেয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচিত হয়।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনিককে চিকিৎসার জন্য পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। একই সঙ্গে তুবার পড়াশোনা অব্যাহত রাখার বিষয়েও সহযোগিতার উদ্যোগ নেয় প্রশাসন।
বামরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুন বলেন, 'দীর্ঘদিন পর তুবা স্কুলে ফিরেছে। তার পড়াশোনার প্রতি বিশেষ নজর রাখা হবে।'
স্কুলে ফিরে তুবা বলেন, 'দীর্ঘদিন পর বিদ্যালয়ে আসতে পেরে আমি খুবই আনন্দিত।'
তুবার মা জান্নাতুল ফেরদৌস বলেন, 'আমার মেয়ে দীর্ঘদিন পর আবার স্কুলে যেতে পেরেছে। এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অসংখ্য ধন্যবাদ।'
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, 'পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে তুবা এতদিন স্কুলে যেতে পারেনি। বিষয়টি দুঃখজনক। তার পড়াশোনা যাতে আর বন্ধ না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, তুবার পড়াশোনা চালু রাখার বিষয়টি তাদের নজরদারিতে থাকবে। অনিক চিকিৎসা শেষে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরলে তাঁকে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।

