নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ২০:৪৯

শাহজালাল বিমানবন্দরে নেমে জমজমের পানি সঠিক সময়ে না পাওয়া এবং অন্যান্য ভোগান্তির কারণে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ।
পবিত্র ওমরাহ পালন শেষে শাহজালাল বিমানবন্দরে নেমে জমজমের পানি সঠিক সময়ে না পাওয়া এবং অন্যান্য ভোগান্তির কারণে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, কন্টেইনার অফলোডিং ও পরিচালনগত গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে সময়মতো পানি পৌঁছাতে বিলম্ব ঘটে। সেবার মান ও কাজের দায়বদ্ধতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রীর নির্দেশে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এতে আরও উল্লেখ করা হয়, উমারহ যাত্রীদের ভোগান্তির বিষয়টি নজরে আসামাত্রই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিজস্ব সংরক্ষিত স্টক থেকে দ্রুত জমজমের পানি বিতরণের ব্যবস্থা করে এবং পরবর্তীতে অপর কন্টেইনারটি দ্রুত শনাক্তপূর্বক সরবরাহ নিশ্চিত করে।

