আন্তর্জাতিক

গাজাকে আধুনিক ইতিহাসের ‘সবচেয়ে বড় ঘেটো’ বানিয়েছে ইসরাইল: মানবাধিকার সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ২০:৪০

গাজাকে আধুনিক ইতিহাসের ‘সবচেয়ে বড় ঘেটো’ বানিয়েছে ইসরাইল: মানবাধিকার সংস্থা

ইসরাইল গাজা উপত্যকাকে আধুনিক ইতিহাসের ‘সবচেয়ে বড় ও কঠোর ঘেটো’তে পরিণত করেছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর। সংস্থাটির দাবি, গাজার ৩০ শতাংশেরও কম এলাকায় ২০ লাখেরও বেশি মানুষকে জড়ো করা হয়েছে, যার ফলে সেখানে বিশ্বের সর্বোচ্চ জনঘনত্ব তৈরি হয়েছে। আল জাজিরা। 

 

এক বিবৃতিতে মানবাধিকার সংস্থাটি বলেছে, ইসরাইল গাজায় খাদ্যকে ‘জনগণকে ধ্বংস করার প্রাণঘাতী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে। তাদের ভাষায়, এটি অব্যাহত লঙ্ঘন এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধের শামিল।

 

গাজার স্বাস্থ্যব্যবস্থার ভয়াবহ পরিস্থিতির কথাও তুলে ধরেছে সংস্থাটি। তাদের হিসাবে, উপত্যকার ৩৬টি হাসপাতালের মধ্যে মাত্র ১৯টি বর্তমানে চালু রয়েছে। তবে সবগুলোই আংশিকভাবে কার্যক্রম পরিচালনা করছে এবং ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানির তীব্র সংকটে রয়েছে।

 

ইউরো-মেডের অভিযোগ, গাজাকে ঘেটোতে পরিণত করার প্রভাব শুধু মানুষের জীবনহানির আশঙ্কার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর ফলে পুরো অর্থনৈতিক ও সামাজিক কাঠামো ভেঙে পড়ছে।

 

সংস্থাটি বলেছে, ‘পুরো পরিবারগুলো নিজেদের ঘরবাড়ি ও আয়ের উৎস হারিয়ে বেঁচে থাকার জন্য সম্পূর্ণভাবে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। স্বাভাবিক জীবনে ফেরার কোনো সম্ভাবনাও তারা দেখতে পাচ্ছে না।’

 

এ পরিস্থিতিতে ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্যের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ, গাজায় বাধাহীন মানবিক সহায়তা প্রবেশের সুযোগ এবং আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া অন্তর্বর্তীকালীন নির্দেশনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

 

ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর আরও সতর্ক করেছে, যেসব রাষ্ট্র ইসরাইলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে অথবা এসব কর্মকাণ্ড চালিয়ে যেতে সক্ষম করবে, তারাও জবাবদিহির মুখে পড়তে পারে।

গাজাকে আধুনিক ইতিহাসের ‘সবচেয়ে বড় ঘেটো’ বানিয়েছে ইসরাইল: মানবাধিকার সংস্থা | সময় নিউজ