আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ২০:০২

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ইরানের

যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার মধ্যে চীনের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে ইরান। দেশটির অর্থমন্ত্রী আলী মাদানিজাদেহ বলেছেন, বেইজিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন অধ্যায়ে যেতে প্রস্তুত তেহরান। তাসনিম নিউজ।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রদূত কং পেইউয়ের সঙ্গে বৈঠকে মাদানিজাদেহ বলেন, বৈশ্বিক অর্থনীতিতে চীনের গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে দুই দেশের মধ্যে শিল্প বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি, পরিচ্ছন্ন জ্বালানি, ডিজিটাল অর্থনীতি, সরবরাহব্যবস্থা ও শিল্প প্রকল্পে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।

 

তিনি বলেন, ইরান ও চীন ‘কৌশলগত অংশীদারত্বের নতুন অধ্যায়ের’ দিকে এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদি ব্যাপক সহযোগিতা পরিকল্পনা বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন তিনি।

 

মাদানিজাদেহ চীনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন এবং সাম্প্রতিক যুদ্ধের সময় মানবিক সহায়তার জন্য বেইজিংকে ধন্যবাদ জানান। পাশাপাশি ব্রিকস, সাংহাই সহযোগিতা সংস্থা, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকসহ বিভিন্ন বহুপক্ষীয় প্ল্যাটফর্মে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।

 

ইরানের এই উদ্যোগ এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র চীনা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরানের সামরিক সরঞ্জাম সংগ্রহে সহায়তার অভিযোগে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

 

গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য অস্ত্র ও অস্ত্রের যন্ত্রাংশ সংগ্রহের অভিযোগে বিভিন্ন দেশের ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনে। 

 

মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় চীন ও হংকংভিত্তিক ব্যক্তি ও প্রতিষ্ঠানও রয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, এসব নেটওয়ার্ক ইরানের সামরিক সরঞ্জাম সংগ্রহে ভূমিকা রেখেছে।

 

তবে এসব নিষেধাজ্ঞার মধ্যেও চীন ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে রয়েছে। ফলে বেইজিংয়ের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার তেহরানের উদ্যোগকে যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় ইরানের বৃহত্তর কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।

 

ইরান-চীন সম্পর্কের ভিত্তি আরও শক্তিশালী করতে ২৫ বছর মেয়াদি সহযোগিতা পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে তেহরান। একই সঙ্গে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর মধ্যে নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রেও চীন ও ইরানের ভূমিকা বাড়ানোর কথা বলেছেন মাদানিজাদেহ।

 

এদিকে চীনা দূতাবাসে আয়োজিত চীনের জাতীয় দিবসের এক অনুষ্ঠানে দুই দেশই দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। 

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ইরানের | সময় নিউজ