বিনোদন

দেশের প্রেক্ষাগৃহে অক্টোবরে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ২০:৩৫

দেশের প্রেক্ষাগৃহে অক্টোবরে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা

হলিউড সিনেমা 'ডিগার' এবং 'রেসিডেন্ট ইভিল' সিরিজের পোস্টার। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী মুক্তির দিনই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে টম ক্রুজ অভিনীত আলোচিত হলিউড সিনেমা 'ডিগার' এবং 'রেসিডেন্ট ইভিল' সিরিজের নতুন সিনেমা। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে হলিউডের আলোচিত এ দুই সিনেমা।

 

‘ডিগার’-এ টম ক্রুজকে দেখা যাবে একেবারেই ভিন্ন রূপে। হাসির আড়ালে লুকিয়ে থাকা জলবায়ু সংকট, করপোরেট লোভ, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার এবং মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলবে সিনেমাটি। সিনেমায় দেখা যাবে, পৃথিবীকে বাঁচানোর নয় বরং নিজেকে মানবজাতির ত্রাতা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য মেরিয়া হয়ে বুঠেছে বিতর্কিত এক চরিত্র ডিগার রকওয়েল নামে বিশ্বের অন্যতম ক্ষমতাধর এক ধনকুবের।


সিনেমাটির ট্রেলার প্রকাশের পর তার চেহারা ও চরিত্রের পরিবর্তন নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন দুইবারের অস্কারজয়ী মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু। 

অন্যদিকে হরর ঘরানার অন্যতম আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘রেসিডেন্ট ইভিল’। জাপানি ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ক্যাপকমের জনপ্রিয় ভিডিও গেম সিরিজ অবলম্বনে প্রায় দুই যুগ আগে হলিউডে শুরু হয় এই ফ্র্যাঞ্চাইজি।

২০০২ সালে মুক্তি পায় সিরিজের প্রথম সিনেমা ‘রেসিডেন্ট ইভিল’। পল ডব্লিউ. এস. অ্যান্ডারসন পরিচালিত ওই সিনেমায় অভিনয় করেন মিলা জোভোভিচ। পরে এটি সাতটি সিনেমার সফল ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়।

২০২১ সালে ‘রেসিডেন্ট ইভিল: ওয়েলকাম টু র‍্যাকুন সিটি’ নামে সিরিজটি নতুন করে রিবুট করা হয়। এবার পাঁচ বছর পর দর্শকদের সামনে আসছে ফ্র্যাঞ্চাইজিটির নতুন সিনেমা ‘রেসিডেন্ট ইভিল’। এটি সিরিজটির দ্বিতীয় রিবুট এবং সামগ্রিকভাবে অষ্টম সিনেমা।

আলোচিত দুটি সিনেমাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২ অক্টোবর।  

দেশের প্রেক্ষাগৃহে অক্টোবরে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা | সময় নিউজ