মহানগর ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ২০:২৯

কৃষি খাতে নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে সার ক্রয় ও আমদানির একাধিক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সিসিজিপি’র ৪৭তম সভায় এসব প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মোট ১৯টি প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয়। এর মধ্যে শিল্প মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের অধীন সার ক্রয় সংক্রান্ত সাতটি প্রস্তাব ছিল।
শিল্প মন্ত্রণালয়ের অধীনে কমিটি ১ লাখ ১০ হাজার মেট্রিক টন দানাদার ইউরিয়া সার ক্রয়ের তিনটি প্রস্তাব অনুমোদন করেছে।
এর মধ্যে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ থেকে ৩০ হাজার টন ব্যাগজাত দানাদার ইউরিয়া সার ক্রয় করা হবে। এতে ব্যয় হবে ১৬২ কোটি ৩৯ লাখ টাকা। প্রতি টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৩৮ দশমিক ১২৫ মার্কিন ডলার, যার মধ্যে ব্যাগিং চার্জ হিসেবে রয়েছে ৫ মার্কিন ডলার। ২০২৬-২৭ অর্থবছরের জন্য এটি তৃতীয় লটের সার ক্রয়।
এছাড়া সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ১০ শতাংশ কম-বেশির সুযোগসহ ৪০ হাজার টন বাল্ক দানাদার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ২২৮ কোটি ৯০ লাখ টাকা। প্রতি টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৬৩ দশমিক ১৭ মার্কিন ডলার।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব থেকে ১০ শতাংশ কম-বেশির সুযোগসহ আরও ৪০ হাজার টন বাল্ক দানাদার ইউরিয়া সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ২৬৯ কোটি ৫৬ লাখ টাকা। প্রতি টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৪৫ মার্কিন ডলার।
কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় ইউরিয়া ছাড়া অন্যান্য সার আমদানির চারটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
এর মধ্যে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার আমদানির দুটি প্রস্তাব রয়েছে। ষষ্ঠ লটে ৪০ হাজার টন এবং সপ্তম লটে ৪০ হাজার টন টিএসপি সার আমদানি করা হবে। প্রতিটি লটের ব্যয় ধরা হয়েছে ৪৩৩ কোটি ৭৬ লাখ টাকা। প্রতি টনের মূল্য ৮৭৭ মার্কিন ডলার।
একই প্রতিষ্ঠান থেকে অষ্টম লটে ৩০ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৪৭ কোটি ৬৭ লাখ টাকা। প্রতি টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৬৭ দশমিক ৬৭ মার্কিন ডলার।
এছাড়া নবম লটে ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে ৪০ হাজার টন টিএসপি সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ৩৩০ কোটি ২৩ লাখ টাকা এবং প্রতি টনের মূল্য ধরা হয়েছে ৬৬৭ দশমিক ৬৭ মার্কিন ডলার।
কৃষি মৌসুমে কৃষকদের জন্য পর্যাপ্ত মজুত বজায় রাখা এবং সময় মতো সার সরবরাহ নিশ্চিত করতেই এসব সার ক্রয় ও আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

