খেলা

গিলের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে ভারত হারাল তিন সেঞ্চুরি হাঁকানো ওয়েস্ট ইন্ডিজকে

খেলা ডেস্ক

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১২:০২

গিলের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে ভারত হারাল তিন সেঞ্চুরি হাঁকানো ওয়েস্ট ইন্ডিজকে

ওয়ানডে ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন শুভমান গিল। ছবি: বিসিসিআই

গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজ তিন ব্যাটার জন ক্যাম্পবেল, শাই হোপ ও আমির জাঙ্গুর সেঞ্চুরিতে চারশর বেশি স্কোর গড়ে ভারতকে কঠিন চ্যালেঞ্জই জানিয়েছিল। কিন্তু স্বাগতিক দল এই চ্যালেঞ্জ জয় করেছে ৩৯ বল হাতে রেখে। ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে ভারত। আর এই রান তাড়ার নায়ক তাদের অধিনায়ক শুভমান গিল। 

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৪০৬ রানের লক্ষ ভারত ৪৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে পেরিয়ে গেছে। ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার দেয়া ৪৩৫ রানের লক্ষ তাড়া করে দক্ষিণ আফ্রিকার জয়ের পর এই প্রথম কোনো দল সফলভাবে চারশ বা তার চেয়ে বেশি রান সফলভাবে তাড়া করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিশাল লক্ষ তাড়া করার পথে ২২৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শুভমান গিল। সেঞ্চুরি হাঁকিয়েছেন সাবেক অধিনায়ক রোহিত শর্মাও। 

 

গিল ও রোহিত শর্মার ২৫৫ রানের উদ্বোধনী জুটি ভারতের জয়ের ভিত গড়ে দেয়। ওয়ানডেতে ভারতের আগের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ছিল ২০১৯ সালে জয়পুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬২ রান। ৩ ম্যাচের সিরিজের প্রথম দুটিতে জিতে ভারত এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করল। 

 

প্রথম ম্যাচে ১১০ রান করা গিল এবার নিজের আগের সর্বোচ্চ ওয়ানডে স্কোর ২০৮ ছাড়িয়ে যান। মাত্র ১১৭ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে ওয়ানডে ইতিহাসে দ্রুততম ২০০ রানের রেকর্ডও গড়েন তিনি। ১৩৩ বলের দুর্দান্ত ইনিংসে গিল ২৬টি চার ও ৮টি ছক্কা হাঁকান।

 

ব্যাটিংয়ের জন্য সহায়ক পিচে ভারতীয় বোলাররা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের কাছে মার খাওয়ার পর জবাব দিতে নেমে গিল ও অভিজ্ঞ ওপেনার রোহিত শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন।

 

৩৯ বছর বয়সী রোহিত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজের পরিকল্পনা স্পষ্ট করে দিয়েছেন। ইনিংসের দ্বিতীয় ওভারেই আলজারি জোসেফকে টানা দুটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি।

 

জোসেফের বলে চার মেরে গিল টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি পূর্ণ করেন। এরপর রোহিতও নিজের ৩৫তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন। নীল জার্সিতে প্রায় পরিপূর্ণ স্টেডিয়ামের দর্শকেরা উচ্ছ্বাসে মেতে ওঠেন।

 

ইনিংস চলাকালেই ১২ হাজার ওয়ানডে রান পূর্ণ করা রোহিত জেইডেন সিলসের বলে এলবিডব্লিউ হয়ে আউট হন। ৭৫ বলের ঝড়ো ইনিংসে তিনি ১০টি চার ও ৬টি ছক্কা মারেন।

 

রোহিতের বিদায়ের পর উইকেটে আসেন আগের ম্যাচে সেঞ্চুরি করা বিরাট কোহলি। তবে তারকা এই ব্যাটার ২৯ রান করে আউট হলে দর্শকদের মধ্যে হতাশা নেমে আসে।

 

তবে গিল এক প্রান্তে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকেন। পরে ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে জুটি বেঁধে ভারতকে সহজেই জয়ের দিকে এগিয়ে নেন তিনি। ঋতুরাজ অপরাজিত ৩১ রান করেন।

 

এর আগে জন ক্যাম্পবেলের ১০১ রানের ইনিংস ওয়েস্ট ইন্ডিজকে তাদের ইতিহাসের সর্বোচ্চ ওয়ানডে স্কোর গড়ার ভিত্তি তৈরি করে দেয়। এর আগে ওয়ানডেতে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৯ রান। সেবারও তারা ম্যাচটি হেরেছিল।

 

অধিনায়ক শাই হোপ ১০৪ এবং আমির জাঙ্গু ১১৪ রান করেন,  যা ওয়েস্ট ইন্ডিজের স্কোর আরও বড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

ভারতের বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব দুই উইকেট নিয়ে ওয়ানডেতে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।

 

রস্টন চেজ অপরাজিত ২৯ রান করে ওয়েস্ট ইন্ডিজকে ৪০০ রানের গণ্ডি পার করান। তবে বিশাল এই স্কোরও শেষ পর্যন্ত ভারতের জয় ঠেকানোর জন্য যথেষ্ট হয়নি।

 

তিন ম্যাচের সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি শনিবার (৩ অক্টোবর) নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে।
 

গিলের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে ভারত হারাল তিন সেঞ্চুরি হাঁকানো ওয়েস্ট ইন্ডিজকে | সময় নিউজ