স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২২

র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠলেন কোহলি। ছবি: এক্স
ওয়ানডেতে ব্যাট হাতে বিরাট কোহলির দাপট আবারও দেখা গেল র্যাঙ্কিংয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে রেকর্ড ৫৫তম সেঞ্চুরি করে আইসিসির ওয়ানডে ব্যাটারদের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন ভারতের এই তারকা। তার সামনে এখন কেবল সতীর্থ শুভমান গিল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৮ বলে ৯ ছক্কায় অপরাজিত ১৩৯ রানের ইনিংস খেলেন কোহলি। তার রেটিং পয়েন্ট এখন ৭৯৬, আর শীর্ষে থাকা গিলের ৮১৬। একই ম্যাচে গিলও তুলে নেন ক্যারিয়ারের দশম ওয়ানডে সেঞ্চুরি। তালিকায় তৃতীয় ড্যারিল মিচেলের পয়েন্ট ৭৯৪।
ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস তিন ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা সপ্তম স্থানে উঠেছেন। জো রুট আছেন নবমে।
সেঞ্চুরির দিনে বড় লাফ দিয়েছেন টম ব্যান্টন। ১২৬ রানের ইনিংসের পর ৩৩৩ ধাপ এগিয়ে ৮৩ নম্বরে উঠেছেন ইংলিশ ব্যাটার। দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা ৩২ ও ডেভিড মিলার ৪১ নম্বরে।
বোলারদের তালিকায় কেশব মহারাজ তিন ধাপ এগিয়ে তিনে, কুলদীপ যাদব চার ধাপ উঠে পাঁচে। জশ হ্যাজেলউড পাঁচ ধাপ এগিয়ে ফিরেছেন সেরা দশে।

