নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১৪:৩৮

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী। সংগৃহীত ছবি
কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতারের ৫ দিনের মাথায় জামিন পেয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী।
সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন আদালতের বিচারক আমিনুল ইসলাম জুনায়েদের আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দেন।
এর আগে রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। ডিবি গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে।
জানা যায়, গোলাম মহিউদ্দিন চৌধুরী ক্যান্টনমেন্ট থানায় করা মামলাটির চার নম্বর এজাহারভুক্ত আসামি। গত ২৭ সেপ্টেম্বর করা ওই মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৪২৭, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় নিউ গিনি আবাসন প্রকল্প এবং আশপাশের স্থাপনায় গত ২৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে অস্ত্রধারীদের হামলার ঘটনা ঘটে। এর মধ্যে সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউনফিশ’ও আক্রান্ত হয়।

