মহানগর ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৮:৩২

সাবেক ওসি রাকিবুল হাসান। ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেয়ার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে রাকিবুলের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুরের এই আদেশ দেন।
ক্যান্টনমেন্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তারেক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথিসূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময় সাবেক ওসি রাকিবুল হাসান রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও উসকানিমূলক মন্তব্য করেন। গত ১৫ সেপ্টেম্বর সেই কথোপকথনের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার পরপরই তাকে ক্যান্টনমেন্ট থানার ওসির পদ থেকে সরিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দফতরে সংযুক্ত করা হয়।
পরবর্তী সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ২৪ সেপ্টেম্বর রাকিবুল হাসানের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করে পুলিশ।
ওই দিনই আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রথম দফার রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর অন্য এক আদালতে শুনানি শেষে তার আরও দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। দ্বিতীয় দফার রিমান্ড শেষে গতকাল বুধবার তাকে আদালতে হাজির করা হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সূত্র: বাসস

