বাংলাদেশ

ছাদে সোলার, নেট মিটারিংয়ে জাতীয় গ্রিডে যাচ্ছে সৌরবিদ্যুৎ

পার্থ প্রতীম বিশ্বাস

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১০:১০

ছাদে সোলার, নেট মিটারিংয়ে জাতীয় গ্রিডে যাচ্ছে সৌরবিদ্যুৎ

চট্টগ্রামের ফটিকছড়িতে নেট মিটারিং পদ্ধতি ব্যবহার করে ছয়তলা ভবনের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে যোগান দেয়া হচ্ছে সোলার থেকে উৎপাদিত বিদ্যুৎ। সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে বিদ্যুৎ বিল অনেক কমে গেছে বলে জানান ভবন মালিক। এরইমধ্যে অনেক বহুতল ভবনে নেট মিটারিং সোলার প্যানেল ব্যবহার করা হচ্ছে বলে জানান পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের এক প্রবাসীর ছয়তলা ভবনের ছাদে স্থাপন করা হয়েছে ১৫ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেলের মাধ্যমে নেট মিটারিং সিস্টেম। সৌরবিদ্যুৎ ব্যবহারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভবনের মালিক।

 

সাড়ে ১০ লাখ টাকা খরচ করে ভবনের ছাদে ১৫ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেলের মাধ্যমে ১০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে। ভবনটিতে বিদ্যুতের চাহিদা হচ্ছে ৬ থেকে ৭ কিলোওয়াট।

 

এর মাধ্যমে পুরো ভবনের বাতি, ফ্যান, ২৬টি সিসি ক্যামেরা, লিফট, পানির মোটর চালানো হচ্ছে। ভবনের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে বলে জানান সোলার প্যানেলের কর্ণধার মো. মঈনুদ্দীন।


সোলার প্যানেল লাগানোর ফলে সুফল যেমন পাওয়া যাচ্ছে তেমনি বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে বলে জানান বাড়ির মালিক মো. আলম।

 

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নেট মিটারিং ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ ফটিকছড়ি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল বাসার শামছুদ্দিন আহম্মদ জানান, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে এবং সাধারণ গ্রাহকদের বিদ্যুৎ উৎপাদনে সম্পৃক্ত করতে নেট মিটারিং কার্যকর একটি পদ্ধতি। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হলে সেটি বিদ্যুৎ বিলের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। এরইমধ্যে অনেক বহুতল ভবনে নেট মিটারিং সোলার প্যানেল স্থাপন করা হয়েছে বলে জানান ঊর্ধ্বতন এ কর্মকর্তা। 


নবায়নযোগ্য জ্বালানির অপার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। বর্তমানে এর বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ছাদে সোলার, নেট মিটারিংয়ে জাতীয় গ্রিডে যাচ্ছে সৌরবিদ্যুৎ | সময় নিউজ