প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

বান্দরবানের সাঙ্গু নদীতে পানি তোলার জন্য পাম্প বসাতে গিয়ে স্রোতে ভেসে গিয়ে নুরুল আলম (৫২) নামে একজন শ্রমিক নিখোঁজ হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের বোটঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ নুরুল একই এলাকার বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় মঙ্গলবার রাত ১১ টার দিকে নদীতে পানির পাম্প বসানোর জন্য নুরুল আলম নদীতে নামে। এসময় হঠাৎ পানির স্রোতে সে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে গভীর রাত পর্যন্ত খুঁজেও তার কোনো সন্ধান পায়নি।
বুধবার সকাল থেকে আবারও তাকে উদ্ধারে অভিযান চালালেও এখনও পর্যন্ত তার কোন খবর পাওয়া যায় নি। তবে উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন নুরুল আলম নামে এক ব্যক্তি নদীতে নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি।
গতকাল রাতে হঠাৎ করে ভারী বৃষ্টিপাত হওয়ায় নদীতে পানির স্রোত বেড়ে যায়।

