খেলা

হৃদয়ের ব্যাটে সম্মান রক্ষা টাইগারদের, পাকিস্তানের লক্ষ্য ১১২ রান

খেলা ডেস্ক

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১১:৪৫

হৃদয়ের ব্যাটে সম্মান রক্ষা টাইগারদের, পাকিস্তানের লক্ষ্য ১১২ রান

তাওহীদ হৃদয় ছাড়া কেউই ব্যাট হাতে ভালো করতে পারেননি। ছবি: বিসিবি

কোয়ার্টার ফাইনালের চার ম্যাচই বৃষ্টিতে ভেসে যাওয়ার পর সেমিফাইনালের ভাগ্য নিয়েও শঙ্কা জেগেছিল। তবে বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রকৃতির রক্তচক্ষু উপক্ষে করেই মাঠে গড়িয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম সেমিফাইনাল।

 

বৈরি আবহাওয়ার কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। বাংলাদেশ নির্ধারিত ১৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রান তুলতে সমর্থ হয়েছে।

 

জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য ১১২ রান। 

 

এদিন সাইফ হাসান ও তানজিদ তামিমের ওপেনিং জুটির শুরুটা আশা জাগানিয়া ছিল। কিন্তু ইনিংসের দশম বলেই তানজিদ বিদায় নেন। আরাফাত মিনহাসের বলে আউট হওয়ার আগে ৫ বলে ৭ রান করেন এই ওপেনার।

 

পরের ওভারে অধিনায়ক লিটন দাসকে (৩ বলে ২) বোল্ড করেন সাইম আইয়ুব। পারভেজ হোসেন ইমনও ব্যর্থ। আরাফাতের করা পরের ওভারে ইমনও বিদায় নেন। ৪ বলে ১ রানেই শেষ হয় তার ইনিংস।

 

টানা তিন ওভারে উইকেট হারানো বাংলাদেশের ত্রাতা তাওহীদ হৃদয়। সাইফ হাসানকে নিয়ে বিপর্যয় সামাল দেন হৃদয়। 

 

সাইফ ভালো সঙ্গ দিলেও রানের গতি বাড়াতে পারেননি। সপ্তম ওভারে সুফিয়ান মুকিমের বলে এলবিডব্লিউ হন তিনি। তার আগে ১৭ বলে ১ চার ও ২ ছক্কায় ১৯ রান করেন।

 

ক্রিজে নতুন আসা মোসাদ্দেক হাত খুলে খেলতে না পারলেও হৃদয় ছিলেন দুর্দান্ত ছন্দে। বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর গড়তে পেরেছেই হৃদয়ের ব্যাটে ভর করে। ১২তম ওভারে সুফিয়াবের বলে বিদায় নেন তিনি। তার আগে ২৫ বলে ২ চার ও ৪ ছক্কায় করেন ৪২ রান। একই ওভারে মোসাদ্দেকও বিদায় নেন। ১৬ বলে ১১ রান করেন তিনি। রিশাদ রানআউট হন ২ রান করে। 

 

শেষদিকে ৪ বলে ৮ রানের ক্যামিও খেলেন মেহেদী হাসান।

 

পাকিস্তানের পক্ষে সুফিয়ান মুকিম ৩টি, আরাফাত মিনহাস ২টি এবং সাইম আইয়ুব ১ উইকেট শিকার করেন। 

হৃদয়ের ব্যাটে সম্মান রক্ষা টাইগারদের, পাকিস্তানের লক্ষ্য ১১২ রান | সময় নিউজ