আন্তর্জাতিক

মাঝ আকাশে পাইলটদের মারামারি: দুই মিনিটে ১৭ হাজার ফুট নিচে নামল বিমান!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

মাঝ আকাশে পাইলটদের মারামারি: দুই মিনিটে ১৭ হাজার ফুট নিচে নামল বিমান!

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাই-এর বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে মারামারিতে জড়িয়ে পড়েন দুই পাইলটরা। এর জেরে দুই মিনিটে প্রায় ১৭ হাজার ফুট নিচে নামে যায় বিমানটি। পরে জরুরি সংকেত দেয়ার পর সৌদি আরবের তাবুক বিমানবন্দরে অবতরণ করে।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ভেরিফাই-এর বিশ্লেষণ করা ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্য অনুযায়ী, দুবাই থেকে উড্ডয়নের দুই ঘণ্টার কিছু সময় পর সৌদি আরবের আকাশে তেল আবিবগামী বিমানটি অত্যন্ত দ্রুতগতিতে নিচে নেমে আসে।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) ইউটিসি সময় ভোর ৫টা ২১ মিনিটের ঠিক আগে বিমানটি ৩৪ হাজার ফুট (১০ হাজার ৪০০ মিটার) উচ্চতায় উড়ছিল। এর দুই মিনিটেরও কম সময়ের মধ্যে এটি ১৭ হাজার ফুটের বেশি (৫ হাজার ২০০ মিটার) নিচে নেমে যায়।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর প্রায় ১০ মিনিট পর বিমানটি থেকে একটি জরুরি সংকেত পাঠানো হয়। প্রাপ্ত তথ্যে দেখা যায়, সৌদি আরবের তাবুক বিমানবন্দরে পৌঁছানো পর্যন্ত বাকি যাত্রাপথে বিমানটির উচ্চতায় উল্লেখযোগ্য ও ধারাবাহিক ওঠানামা ছিল।

 

বুধবার ইসরাইলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, উড়োজাহাজে থাকা দুই পাইলটের মধ্যে বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ফ্লাইটটি সৌদি আরবের আকাশসীমায় থাকা অবস্থায় প্রথমে আন্তর্জাতিক জরুরি সংকেত ‘স্কোয়াক কোড ৭৭০০’ পাঠায়। পরে ‘৭৫০০’ কোড পাঠানো হয়, যা উড়োজাহাজ ছিনতাই বা ‘অবৈধ হস্তক্ষেপ’-এর সংকেত হিসেবে ব্যবহৃত হয়।

 

নিরাপত্তা সূত্র জানিয়েছে, ঘটনার পর ইসরাইলি বিমানবাহিনীর যুদ্ধবিমান উড়োজাহাজটির দিকে পাঠানো হয়। হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো জানায়, এ ঘটনায় ইসরাইলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী জরুরি বৈঠকে বসেন।

 

প্রতিবেদনে বলা হয়, ফ্লাইটটিতে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। ফ্লাইটটি কিছু সময়ের জন্য ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোতে আর দেখা যাচ্ছিল না। পরে এটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে অবতরণ করে।

তথ্যসূত্র: বিবিসি, টাইমস অব ইসরাইল

মাঝ আকাশে পাইলটদের মারামারি: দুই মিনিটে ১৭ হাজার ফুট নিচে নামল বিমান! | সময় নিউজ