বিনোদন ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১১:০৩

সম্প্রতি তৌসিফের সঙ্গে একটি ছবি প্রকাশ করে ভক্তদের উদ্দেশে জোভান লেখেন, তাদের দুজনকে নিয়ে ভক্তদের এত ঝগড়াঝাঁটি করার আগে একটি বিষয় মনে রাখা উচিত তারা একে অপরকে যতটা সম্মান করেন, ভক্তরা একে অপরকে ততটা সম্মান করেন না।
জোভান ও তৌসিফের বন্ধুত্ব অবশ্য বেশ পুরোনো। ক্যারিয়ারের শুরুতেই রেদওয়ান রনির ‘ঝালমুড়ি’ ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয় করেন তারা। এরপর একসঙ্গে কাজ করতে করতেই গড়ে ওঠে গভীর বন্ধুত্ব। দেখতে দেখতে তাদের সম্পর্কের বয়স প্রায় ১৩ বছর।
ব্যস্ততা বাড়লেও বন্ধুত্বে ভাটা পড়েনি। সুযোগ পেলেই আড্ডায় মেতে ওঠেন দুজন। নিজেদের সম্পর্ক নিয়ে জোভান আগেও জানিয়েছিলেন, ব্যস্ততার মাঝেও বন্ধুদের সঙ্গে দেখা হওয়া জরুরি।
কারণ, বন্ধুদের সঙ্গে সময় কাটালে মন ভালো হয়ে যায়।এদিকে জোভানের পোস্টের মন্তব্যঘরেও দেখা গেছে সেই চিরচেনা ভক্ত-প্রতিদ্বন্দ্বিতা। কেউ লিখেছেন, ‘জোভান ভাই আমার কাছে সেরা।’ জবাবে আরেকজন বলেছেন, ‘তৌসিফ ভাই সেরা।’
তবে সবশেষে ভক্তদের এই লড়াইকে একেবারে নিজের মতো করে সংজ্ঞায়িত করেছেন জোভান। তার ভাষায়‘যুদ্ধটা আপনাদের, বন্ধুত্বটা আমাদের। ভালোবাসাটা আমাদের।’ অর্থাৎ পর্দার প্রতিযোগিতা থাকলেও ব্যক্তিগত সম্পর্কে দুজনের বন্ধুত্বই অটুট।

