খেলা

আয়ারল্যান্ড-ইসরায়েল ম্যাচে আবারও উত্তেজনা, ইসরায়েলি খেলোয়াড়ের বিরুদ্ধে থুতু ছোড়ার অভিযোগ

খেলা ডেস্ক

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১৫:৩৬

আয়ারল্যান্ড-ইসরায়েল ম্যাচে আবারও উত্তেজনা, ইসরায়েলি খেলোয়াড়ের বিরুদ্ধে থুতু ছোড়ার অভিযোগ

আয়ারল্যান্ড-ইসরায়েল ম্যাচের দ্বিতীয় লেগে আবারও উত্তেজনা ছড়িয়েছে। ছবি: এপি

রোববার (৪ অক্টোবর)  আয়ারল্যান্ড ও ইসরায়েলের মধ্যকার উয়েফা নেশনস লিগের ফিরতি ম্যাচে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এর মধ্য দিয়ে দুই সপ্তাহের ফিফা উইন্ডোর সমাপ্তি ঘটল, যেখানে ফুটবলের পাশাপাশি রাজনৈতিক উত্তেজনাও ছিল আলোচনার কেন্দ্রে।

 

এক সপ্তাহ আগে হাঙ্গেরিতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে আয়ারল্যান্ড ৩-০ গোলে ইসরায়েলকে হারিয়েছিল। ওই ম্যাচগুলো বয়কট করার জন্য আয়ারল্যান্ডের কিছু সমর্থক ও রাজনীতিবিদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল। আয়ারল্যান্ডের আইসল্যান্ডিক কোচ হেইমির হালগ্রিমসন সাংবাদিকদের বলেন, 'এই পর্ব শেষ হওয়ায় আমি সত্যিই খুব স্বস্তি পেয়েছি।'

 

'এটা আমাদের সবার ওপরই অনেক চাপ ফেলেছে। আমি খেলোয়াড়দের অনেক কৃতিত্ব দিতে চাই। কঠিন সময়ে তারা অসাধারণ ছিল। গত দুই সপ্তাহে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, কোনো জাতীয় দলকেই আমি এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে দেখতে চাই না।'

 

গাজায় ইসরায়েলের যুদ্ধের অন্যতম সোচ্চার সমালোচক আয়ারল্যান্ড। ম্যাচগুলো থেকে সরে দাঁড়ানোর চাপের মধ্যে ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড (এফএআই) রোববারের ম্যাচটি সার্বিয়ায় দর্শকশূন্য মাঠে আয়োজন করার সিদ্ধান্ত নেয়।

 

তবে দর্শক না থাকলেও মাঠের উত্তেজনা খুব একটা কমেনি।

 

আইরিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিরতির বাঁশি বাজার পর আয়ারল্যান্ডের একজন কোচ ড্যামিয়েন ডয়েল অভিযোগ করেন, ইসরায়েলের এক খেলোয়াড় তার দিকে থুতু ছুড়েছেন। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে থুতু ছোড়ার ঘটনা সম্পর্কে জানতে চাইলে হালগ্রিমসন বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান।

 

তিনি বলেন, 'আমি সেখানে ছিলাম। আমি এ বিষয়ে মন্তব্য করতে যাচ্ছি না। বিষয়টি শৃঙ্খলাবিষয়ক কমিটি দেখবে।'

 

ইসরায়েলের কোচ রান বেন-শিমন বলেন, তিনি ইতোমধ্যেই সাইডলাইন ছেড়ে চলে গিয়েছিলেন এবং কী ঘটেছিল তা দেখেননি।

 

তিনি সাংবাদিকদের বলেন, 'বিরতির সময় আমি ড্রেসিংরুমে, আমার স্টাফদের সঙ্গে ছিলাম। আমি কিছুই দেখিনি। যখন বিষয়টি দেখব ও যাচাই করব, তখন আপনাদের উত্তর দেব।'

 

প্রথম ম্যাচের মতো এবারও ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে করমর্দন বা পেন্যান্ট বিনিময় হয়নি। প্রতিপক্ষের জাতীয় সংগীত বাজানোর সময় দুই দলের খেলোয়াড়েরাই মাথা নত করে দাঁড়ান।

 

আয়ারল্যান্ড আবারও কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে, যা গাজায় ইসরায়েলের যুদ্ধের নিহতদের স্মরণে পরা হয়েছিল। অন্যদিকে ইসরায়েলি খেলোয়াড়েরা ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরেছিলেন, যে হামলার পর তাদের আগ্রাসন আরও ভয়াবহ মাত্রা পায়।

 

৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আয়ারল্যান্ডকে এগিয়ে দেন ট্রয় প্যারট। তবে বিরতির পরপরই ইসরায়েলের হয়ে সমতা ফেরান ডর পেরেতজ। এটি ছিল ম্যাচে ইসরায়েলের লক্ষ্যে নেওয়া প্রথম শট।

 

দ্বিতীয়ার্ধে ইসরায়েল দুবার পোস্টে বল লাগায়। তবে ম্যাচটি ছিল তুলনামূলকভাবে ম্যাড়মেড়ে এবং কোনো দলই জয়সূচক গোল করতে পারেনি।

 

এই ড্রয়ের ফলে গ্রুপ বি৩-তে পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আয়ারল্যান্ড। শীর্ষে থাকা অস্ট্রিয়ার চেয়ে তারা তিন পয়েন্ট পিছিয়ে। দ্বিতীয় স্থানে থাকা কসোভোর সঙ্গে তাদের পয়েন্ট সমান, তবে গোল ব্যবধানে কসোভো এগিয়ে। দুই পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে রয়েছে ইসরায়েল।

 

প্রথম ম্যাচে ৩-০ গোলে হারের পর দলের ঘুরে দাঁড়ানোর প্রশংসা করেন বেন-শিমন। একই সঙ্গে তিনি তার খেলোয়াড়দের অতিরিক্ত আগ্রাসী আচরণের অভিযোগও প্রত্যাখ্যান করেন।

 

তিনি বলেন, 'আমি যখন কোনো ম্যাচে যাই, তখন খেলোয়াড়দের বলি, ‘যতটা সম্ভব পরিষ্কার ফুটবল খেলো, কিন্তু আগ্রাসী হও।’ ঠিক আছে? আমি কখনো কাউকে আঘাত করতে বলি না; এটা আমাদের পদ্ধতি নয়। আমরা খুব মানবিক মানুষ, আমরা অত্যন্ত নৈতিক মানুষ।' 
 

আয়ারল্যান্ড-ইসরায়েল ম্যাচে আবারও উত্তেজনা, ইসরায়েলি খেলোয়াড়ের বিরুদ্ধে থুতু ছোড়ার অভিযোগ | সময় নিউজ