মহানগর ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১৬:১৬

রাজধানীর বংশাল থানার মিরনজিল্লা হরিজন পল্লীতে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন যুগ্ম পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন।
পুলিশের তথ্যমতে, গত ২ অক্টোবর সকালে ভিকটিম নিশা রানী বান্ধবী মিনাক্ষী রানীর সঙ্গে ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দিরে পূজা দিতে যান। সেখানে মিনাক্ষী ও তার প্রেমিক বিকি হেলার ঘনিষ্ঠ আচরণ দেখে মানসিকভাবে ক্ষুব্ধ হন নিশা। একই দিন সন্ধ্যায় মিনাক্ষীর বাসায় বিকি এলে নিশা সেখানে গিয়ে তাদের সম্পর্কের প্রতিবাদ জানান। এ সময় আসামিরা নিশাকে তীব্র গালাগালি ও মানসিকভাবে নির্যাতন করেন। এতে চরম বিপর্যস্ত হয়ে রাত তিনটার দিকে মিনাক্ষীর বাসার ভেতর তাদের সামনেই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। এরপর আশপাশের লোকজন আশঙ্কাজনক অবস্থায় নিশাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর রাতে তিনি মারা যান।
ঘটনার পর নিশার স্বজনরা বংশাল থানায় মামলা দায়ের করলে পুলিশ প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। সোমবার সকালে বংশাল থেকে মিনাক্ষী রানীকে এবং সিরাজগঞ্জের একটি হাইওয়ে হোটেল থেকে বিকি হেলাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।

