নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১২:৫৮

জাতীয় মুফাসসির সম্মেলনে কথা বলছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
দেশের অবস্থা ভালো নেই এবং জনগণও কষ্টের মধ্যে আছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৩ অক্টোবর) সকালে কাকরাইলের আইডিইবি ভবনে আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এই সম্মেলনের আয়োজন করে।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ভালো নেই, মানুষ ভালো নেই। মানুষের নিরাপত্তা নেই। কাকে কখন বেইজ্জতি করা হবে তারও ঠিক নেই।
তিনি এ সময়, সংসদে কোরআন-হাদিস বিরোধী আইন পাস করা হয়েছে বলেও অভিযোগ তোলেন।
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে জামায়াত আমির বলেন, দেশে কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে— এই মাদ্রাসাগুলোতে কোনো ত্রুটি থাকলে ‘কলেজ-বিশ্ববিদ্যালয়ে বেশি আছে’ এমন কথা বলে সেগুলোর সঙ্গে তুলনা করা যাবে না।
আলেমদের সতর্ক করে তিনি আরও বলেন, দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়। মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। সাদা কাপড়ে বেশি দাগ লাগে। তাই আমাদের সতর্ক হতে হবে।

