খেলা ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১২:২৮

শন টেইট জুনে বাংলাদেশের দায়িত্ব ছেড়েছিলেন। ছবি: সংগৃহীত
গত জুনে বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়া শন টেইট এবার পাকিস্তানের সঙ্গে যুক্ত হচ্ছেন। তাকে বোলিং কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। খবর জিও নিউজের।
জিও নিউজ জানিয়েছে, টেইটের নিয়োগের বিষয়টি পিসিবি শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। আগামী সপ্তাহের শুরুতেই এই অজি পাকিস্তানে পৌঁছে দায়িত্ব নিতে পারেন।
পাকিস্তানের পরবর্তী অ্যাসাইনমেন্ট শ্রীলঙ্কার বিপক্ষে ৯ অক্টোবর থেকে। দুদল ৩টি টি-২০ ও ২টি টেস্ট খেলবে। এর আগেই হয়তো টেইটকে নিয়োগ দিতে চাইছে পিসিবি। এই সিরিজের পরে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে আছে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ।
অস্ট্রেলিয়ার হয়ে তিনটি টেস্ট, ৩৫টি ওয়ানডে এবং ২১টি টি-টোয়েন্টি খেলা টেইট এর আগেও পাকিস্তান দলের সঙ্গে কাজ করেছেন। ২০২২ সালের মার্চ থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত তিনি পিসিবির পূর্ণকালীন বোলিং কোচ ছিলেন।
বছরখানেক বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব পালনের পর তিনি তিন ফরম্যাটে সারা বছর কাজ করার চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ওই সময় টেইট বলেছিলেন, ‘১২ মাসই যথেষ্ট। এখন একটু সরে দাঁড়িয়ে পরিবারকে আরও কিছুটা সময় দিতে চাই।’

