আন্তর্জাতিক
গাজায় ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর দখলদার বাহিনীর বিমান হামলা, নিহত ৫
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ০৯:১৯
শনিবার (৩ অক্টোবর) ভোরে গাজা সিটির রেমাল এলাকার আল-আসলা ভবনের একটি অ্যাপার্টমেন্টে এ হামলা হয়। ছবি: আল জাজিরা
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পশ্চিমাঞ্চলের একটি আবাসিক ভবনে ইসরাইলি দখলদার বাহিনীর বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত ও আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩ অক্টোবর) ভোরে গাজা সিটির রেমাল এলাকার আল-আসলা ভবনের একটি অ্যাপার্টমেন্টে এ হামলা হয়। হামলার আগে কোনো সতর্কবার্তা দেয়া হয়নি।
রেমাল গাজা সিটির ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোর একটি। সেখানে অস্থায়ী ক্যাম্পে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়ে আছেন।
খান ইউনিস থেকে আল-জাজিরার প্রতিবেদক হানি আল-শায়ের বলেন, বাসিন্দারা যখন ঘুমিয়ে ছিলেন, তখন গভীর রাতে হামলাটি চালানো হয়।
তিনি বলেন, ‘আমরা যুদ্ধবিমানগুলোর শব্দ ক্রমেই জোরালো হতে শুনি। এরপর পরপর তিনটি হামলা হয়। এতে ওই অ্যাপার্টমেন্টে থাকা মানুষজন নিহত হন।’
হামলায় ভবনের ওই অ্যাপার্টমেন্টটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নিচের তলাগুলোতেও ধ্বংসযজ্ঞে পরিণত হয়। ভবনটিতে অন্তত এক ঘণ্টা আগুন জ্বলছিল। পরে ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ ব্যক্তি ও মরদেহের সন্ধানে সিভিল ডিফেন্সের কর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন। এ সময় এলাকাটির আকাশে ইসরাইলি ড্রোন উড়তে দেখা যায় এবং গাজার আকাশে নিচু দিয়ে যুদ্ধবিমান ওড়ার শব্দ শোনা যাচ্ছিল।
আল-শিফা হাসপাতাল জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন নারী। তাদের মধ্যে একজন বয়স্ক খ্রিস্টান নারী ও তার মেয়ে রয়েছেন। আহত ছয়জনকে চিকিৎসার জন্য আল-শিফা হাসপাতালে নেয়া হয়েছে।