বিনোদন ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১০:১৭

সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম জুটি তাদের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন।
রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া নিজেদের যৌথ বিবৃতিতে তারা এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনেই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সব সময়ই থাকবে। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়া আমাদের দুজনের জন্যই ভালো হবে।
তারা আরও বলেন, এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেয়া নয়। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। বর্তমানে আমরা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি এবং জীবনের এই নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চাই। এই পরিবর্তনের সময়টুকুতে আমাদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য আমাদের বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের প্রতি আন্তরিক অনুরোধ রইল। আমরা আশা করি, বিষয়টি আমাদের দুজনের প্রতি সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হবে। সব সময় পাশে থাকা এবং আমাদের প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।

