আন্তর্জাতিক

ইরান থেকে ১ হাজার কিমি দূরে পালিয়েছে মার্কিন বাহিনী: আইআরজিসি কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১০:১১

ইরান থেকে ১ হাজার কিমি দূরে পালিয়েছে মার্কিন বাহিনী: আইআরজিসি কমান্ডার

আইআরজিসির শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি। ছবি: সংগৃহীত

ইরান সীমান্ত থেকে মার্কিন সামরিক বাহিনী প্রায় ১ হাজার কিলোমিটার (৬২১ মাইল) দূরে সরে গেছে বলে দাবি করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি।

 

ইরানের প্রেস টিভিকে দেয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে ফাদাভি বলেন, ‘আমেরিকানরা পালিয়ে গেছে এবং আমাদের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটারের বেশি দূরে সরে গেছে। এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত ছিল না; বরং ইসলামী প্রজাতন্ত্র এবং আইআরজিসির স্থলবাহিনীর সক্ষমতার কারণে তারা সরে যেতে বাধ্য হয়েছে।’

 

তিনি দাবি করেন, প্রথমবারের মতো পারস্য উপসাগর, হরমুজ প্রণালি, ওমান সাগর এমনকি উত্তর ভারত মহাসাগরেও এখন কোনো মার্কিন নৌযানের উপস্থিতি নেই। ফাদাভি আরও বলেন, আইআরজিসির হামলার মুখে মার্কিন যুদ্ধজাহাজগুলো ১০০ শতাংশ ঝুঁকিপূর্ণ।

 

আইআরজিসির এই দাবি এমন এক সময়ে সামনে এলো, যখন ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ অব্যাহত রয়েছে।

 

মার্কিন সেন্ট্রাল কমান্ড গত সপ্তাহে জানিয়েছে, জুলাই থেকে কঠোরভাবে নিষেধাজ্ঞা কার্যকর নিশ্চিত করতে তারা ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে।

 

তথ্যসূত্র: আল জাজিরা
 

ইরান থেকে ১ হাজার কিমি দূরে পালিয়েছে মার্কিন বাহিনী: আইআরজিসি কমান্ডার | সময় নিউজ