পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৩:৫০

শনিবার (৩ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে মহানন্দা নদী এলাকা পরিদর্শন করছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
দখলমুক্ত বা নদী উদ্ধারে কোনো ধরনের দলীয় পরিচয় বিবেচনা করা হবে না জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (৩ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে মহানন্দা নদী এলাকায় ‘নোঙর রিভার ক্যাম্প’-এর উদ্বোধন ও এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। পরিবেশ ও নদী বিষয়ক সংগঠন ‘নোঙর বাংলাদেশ’ এই কর্মসূচির আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, নদী, খাল ও জলাশয় খনন ও পুনরুদ্ধারের পর তা পুনরায় দখলের কোনো সুযোগ দেয়া হবে না। দখলমুক্ত বা নদী উদ্ধারে কোনো ধরনের দলীয় পরিচয় বিবেচনা করা হবে না।
ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়ন এবং আন্তঃসীমান্ত নদীগুলোতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি এবং মিয়ানমারের সঙ্গে ৩টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। এর মধ্যে ৩০ বছর মেয়াদি ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হতে চলায় এটি নবায়নে বিশেষ গুরুত্ব দিয়ে উদ্যোগ নেয়া হয়েছে। এ নিয়ে কারিগরি কমিটি কাজ করছে বলেও জানান তিনি।
এর আগে মহানন্দা নদীর সীমান্ত এলাকা পরিদর্শনের পর নোঙর রিভার ক্যাম্পের পতাকা আয়োজকদের হাতে তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। পরে তিনি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন।
আয়োজকেরা জানান, নদীর সুরক্ষা ও সচেতনতায় শুরু হওয়া নোঙর বাংলাদেশের এই কর্মসূচি পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা হয়ে টেকনাফে গিয়ে শেষ হবে।
অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আকাশ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদস্য দিন মোহাম্মদ খান, সালাউদ্দীন প্রধান, নাসির খান মিন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

