বিনোদন ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১৩:৪০

বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত। ফাইল ছবি
নাট্যজন ও অভিনেতা আবুল হায়াতের মৃত্যুর গুজবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বিভ্রান্তি। হঠাৎ করে বিভিন্ন পোস্ট ও ভিডিওতে তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ার পর উদ্বিগ্ন হয়ে পড়েন দেশ-বিদেশে থাকা তার আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা। অনেকেই তাকে ফোন করে খোঁজ নিয়েছেন, কেউ কেউ আবেগাপ্লুত হয়ে কেঁদেও ফেলেছেন।
তবে আবুল হায়াত সম্পূর্ণ সুস্থ আছেন। সংবাদমাধ্যমকে তার শারীরিক অবস্থার বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই। আবুল হায়াত বলেন, ‘আমি একদম ঠিক আছি। গতকাল থেকে এমন খবর ছড়িয়েছে। প্রথমে বিষয়টি খুব একটা পাত্তা দিইনি। কিন্তু আজ দেখছি, এটা সীমা অতিক্রম করেছে।’
মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় দেশ-বিদেশে থাকা স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ফোনে বিব্রত হয়ে পড়েছেন এই অভিনেতা। তিনি বলেন, একের পর এক ফোন আসছে। এমনকি কেউ কেউ কাঁদছিলেনও।
বিষয়টিকে অত্যন্ত বিরক্তিকর ও বিব্রতকর উল্লেখ করে আবুল হায়াত বলেন, ‘বিষয়টি খুবই বিরক্তিকর এবং বিব্রতকর।’
৩ অক্টোবর রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও ভিডিওর মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়ানো শুরু হয়। শুরুতে বিষয়টিকে গুরুত্ব না দিলেও সময়ের সঙ্গে গুজব আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে, আবুল হায়াতের মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন।
যারা এ ধরনের গুজব ছড়াচ্ছেন, তাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে আবুল হায়াত বলেন, ‘যারা এসব খবর ছড়াচ্ছেন, তাদের প্রতি আমি খুবই বিরক্ত ও ক্ষুব্ধ। একজন জীবিত মানুষকে এভাবে মেরে ফেলা যায় না।’
এ ধরনের গুজবের কারণে শুধু সংশ্লিষ্ট ব্যক্তি নন, তার পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরাও মানসিকভাবে কষ্ট পান বলেও উল্লেখ করেন তিনি।
জীবিত কোনো ব্যক্তির মৃত্যুর ভুয়া খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন নয়। তবে জনপ্রিয় কোনো শিল্পীর ক্ষেত্রে এ ধরনের গুজব দ্রুত ছড়িয়ে পড়ায় তার পরিবার ও ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। আবুল হায়াতের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

