বাংলাদেশ

প্রতিবাদ মিছিল করে অবরোধ তুলে নিলেন ব্যাটারিচালিত রিকশাচালকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১৪:১৫

প্রতিবাদ মিছিল করে অবরোধ তুলে নিলেন ব্যাটারিচালিত রিকশাচালকরা

ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ। সংগৃহীত ছবি

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। 

 

সোমবার (৫ অক্টোবর) সকালে তারা সংঘবদ্ধ হয়ে সড়কে অবস্থান নেন এবং বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

 

বিক্ষোভরত চালকদের অভিযোগ, চার্জের অভাবে গাড়ি নামাতে না পেরে তাদের দৈনন্দিন আয়-রোজগার পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে পরিবার-পরিজন নিয়ে তীব্র আর্থিক সংকটে পড়েছেন তারা। 

 

অন্যদিকে, সপ্তাহের কর্মব্যস্ত দিনে প্রেস ক্লাবের মতো গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের ফলে ওই এলাকাসহ আশপাশের রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী ও সাধারণ মানুষ।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে কয়েকশো রিকশাচালক প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ শেষ করেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এর আগে তারা একটি প্রতিবাদ মিছিল করেন। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রতিবাদ মিছিল করে অবরোধ তুলে নিলেন ব্যাটারিচালিত রিকশাচালকরা | সময় নিউজ