আন্তর্জাতিক

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে ভারতে তীব্র হচ্ছে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ২১:৩৩

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে ভারতে তীব্র হচ্ছে বিক্ষোভ

ভারতের নির্বাচন কমিশন প্রধানের পদত্যাগ দাবিতে দিন দিন তীব্র হচ্ছে বিক্ষোভ। ছবি: রয়টার্স

ভোটার তালিকায় পরিবর্তনের জেরে ভারতের নির্বাচন কমিশন প্রধানের পদত্যাগ দাবিতে রোববার (৪ অক্টোবর) ভারতের দিল্লি ও মুম্বাইতে হাজার হাজার তরুণ বিক্ষোভকারী ও বিরোধী দলের সমর্থক সমাবেশ করেছেন। এদিকে, টানা তৃতীয় দিনের মতো কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিরোধী নেতা রাজ ঠাকরে ও উদ্ধব ঠাকরে মুম্বাইতে বিক্ষোভের নেতৃত্ব দেন। তারা এই সংশোধনী বাতিল এবং নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানান।

 

বিক্ষোভকারীদের অভিযোগ, এই পরিবর্তনগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অনুকূলে। যদিও এই অভিযোগ অস্বীকার করে আসছে নির্বাচন কমিশন ও বিজেপি।

 

একজন প্রত্যক্ষদর্শীর তথ্য অনুযায়ী, রাজধানী নয়াদিল্লিতে এদিন সন্ধ্যার শুরুতেই বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করেন এবং পুলিশ সেখান থেকে কয়েকজনকে আটক করে। এসময় কিছু বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড ভেঙে আটক বিক্ষোভকারীদের বহনকারী গাড়িগুলোকে ঘিরে ফেলে; তারা গাড়ির ওপর চড়ে বসে এবং পথ আটকে দেওয়ার জন্য রাস্তায় শুয়ে পড়েন।

 

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী ও আন্দোলনকারী আহনা সিং বলেন, ‘পুলিশ আমাকে চুল ধরে টেনেহিঁচড়ে নিয়ে গিয়েছিল। তারা বর্বরতার আশ্রয় নিচ্ছে।’

 

এ বিষয়ে মন্তব্যের জন্য ইমেইলের মাধ্যমে রয়টার্সের করা অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি দিল্লি পুলিশ।

 

রয়টার্স বলছে, দিল্লিতে পুলিশ গত দুই দিন ধরে বিক্ষোভকারীদের জড়ো হতে বাধা দিচ্ছে এবং তাদের অনেককে আটক করে বাসে করে সরিয়ে নিয়েছে। আটক কয়েকজনকে পরবর্তীতে শুক্রবার ও শনিবার মুক্তি দেওয়া হলেও, রাজধানীর কেন্দ্রে গণজমায়েত নিষিদ্ধ করার আদেশ অমান্য করার অভিযোগে পুলিশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে।

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে ভারতে তীব্র হচ্ছে বিক্ষোভ | সময় নিউজ