মহানগর ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ২১:৫৮

কারা অধিদফতরের নতুন মহাপরিদর্শক (আইজি প্রিজন) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর।
রোববার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ দেয়া হয়।
উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীরকে প্রেষণে কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে কারা অধিদফতরের বর্তমান অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের লক্ষ্যে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এ ছাড়া সেনাবাহিনী থেকে লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুল ইসলামকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে পদায়ন করে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

