আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১৪:৩২

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ছবি: রয়টার্স
আবাসন সংকট নিয়ে তীব্র আন্দোলনের মুখে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সোমবার (৫ অক্টোবর) জাতির উদ্দেশে টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনে পরবর্তী জাতীয় নির্বাচন ২০২৭ সালের গ্রীষ্মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে চলমান রাজনৈতিক চাপ ও আবাসন সংকটকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির মধ্যে নির্ধারিত সময়ের আগেই নির্বাচনের ঘোষণা দিলেন সানচেজ।
ভাষণে তিনি জানান, আগামী ২৯ নভেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সানচেজ বলেন, ‘আমাদের জনগণের সমর্থন নতুন করে যাচাই করা প্রয়োজন।’
স্পেনের প্রধানমন্ত্রী বলেন, ‘পার্লামেন্টে আমাদের আরও বড় প্রগতিশীল সংখ্যাগরিষ্ঠতা গড়ে তুলতে হবে এবং নির্বাচনে জয় পেতে হবে। এর মাধ্যমে আমরা স্বার্থান্বেষী মহলের বাধা অতিক্রম করতে, নতুন সামাজিক অগ্রগতি নিশ্চিত করতে এবং স্পেনকে রূপান্তরের প্রক্রিয়া অব্যাহত রাখতে পারব।’
নিজের কিছু ভুল এবং আগের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার কথাও স্বীকার করেন সানচেজ। তিনি বলেন, আমি এটাও জানি যে, এই সামাজিক সংখ্যাগরিষ্ঠতার একটি অংশ আজ অসন্তুষ্ট।
স্পেনের আবাসন সংকট নিরসনে এবং ক্রমবর্ধমান জনরোষ কমাতে সানচেজ সরকারের পক্ষ থেকে দুটি জরুরি অধ্যাদেশ জারি করা হয়েছিল। কিন্তু গত শুক্রবার পার্লামেন্টে আইন দুটি পাসে প্রয়োজনীয় সমর্থন আদায়ে ব্যর্থতার পর আবাসন সংকট নিয়ে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। আর এরমধ্যেই এই নির্বাচনের ঘোষণা দিলেন সানচেজ।
দেশজুড়ে ছড়িয়ে পড়া তীব্র আবাসন সংকটের প্রতিবাদে গত কয়েক দিন ধরে হাজারো বিক্ষোভকারী রাজধানী মাদ্রিদের কেন্দ্রস্থল পুয়ের্তা দেল সোলে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। স্পেনের অন্যান্য প্রধান শহরগুলোতেও বিক্ষোভ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সরকার জানিয়েছে, শনিবার রাজধানী মাদ্রিদে হওয়া বিক্ষোভে ৭০ হাজারেরও বেশি মানুষ অংশ নেন।
গত মাসের শেষ দিক থেকেই এ নিয়ে ক্ষোভ বাড়ছিল। ওই সময় ৮৭ বছর বয়সী মারাই দেল কারমেন আবাসকালকে মাদ্রিদে ৭০ বছর ধরে বসবাস করা বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। একটি আন্তর্জাতিক বিনিয়োগ তহবিল তার ভবনটি কিনে নেওয়ার পর ভাড়া বাড়িয়ে দিলে তাকে বাড়ি ছাড়তে হয়।
তথ্যসূত্র: বিবিসি, আল জাজিরা

