শিক্ষা

ঢাবিতে ৫ মাসেও চালু হয়নি নারী জিমনেসিয়াম, ডাকসু-প্রশাসন পাল্টাপাল্টি দোষারোপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১০:৫৬

ঢাবিতে ৫ মাসেও চালু হয়নি নারী জিমনেসিয়াম, ডাকসু-প্রশাসন পাল্টাপাল্টি দোষারোপ

পাঁচ মাস ধরে অবহেলায় পড়ে আছে ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ঢাবির নারী জিমনেসিয়াম। সরঞ্জাম সংকটে পুরুষ শিক্ষার্থীরাও। এ নিয়ে একে অপরকে দোষারোপ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও প্রশাসন।

 

ডাকসুর অভিযোগ, প্রশাসন অনুমতি দিচ্ছে না জিমনেশিয়াম উদ্বোধনের। অন্যদিকে, ছেলেদের জিমনেসিয়ামে নেই পর্যাপ্ত সরঞ্জাম। এ বিষয়ে ডাকসু ক্রীড়া সম্পাদকের ভূমিকা নিয়ে শিক্ষার্থীরা নাখোশ। 

 

সরেজমিনে দেখে মনে হবে, একটি কোনো পাঁচ তারকা হোটেলের জিমনেসিয়াম, আর অন্যটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত শরীরচর্চার নাম মাত্র জম। তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। দুটি ব্যয়ামাগারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য।

 

অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে তৈরি জিমনেসিয়ামটি ৬০ লাখ টাকা ব্যয়ে নারী শিক্ষার্থীদের জন্য নির্মাণ করা হয়েছে। কিন্তু কাজ শেষ হওয়ার পাঁচ মাস পরও হয়নি উদ্বোধন। ফলে উন্নতমানের এসব সুযোগ সুবিধার কোনো কিছুই ব্যবহার করতে পারছে না তারা। কেনো চালু করা হচ্ছে না মেয়েদের জিমনেসিয়াম জানেন না শিক্ষার্থীরাও।

 

অন্যদিকে জায়গা, সরঞ্জামের সংকট, নানা অব্যবস্থাপনার মাঝেই কোনরকমে চলছে ছেলেদের জিমনেসিয়াম। জোড়াতালি দিয়ে কিছুটা সংস্কার করা হলেও চাহিদার তুলনায় সুযোগ সুবিধা অপ্রতুল।

 

ডাকসুর ক্রীড়া সম্পাদকের ভূমিকা নিয়ে নাখোশ শিক্ষার্থীরা। আর বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ঝুলে পড়া উন্নয়ন প্রসঙ্গে একে অপরকে দোষারোপ করছে ডাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

প্রশাসনের অসহযোগিতার অভিযোগ করেন ডাকসু ক্রীড়া সম্পাদক আরমান হোসেন জানান, আরও অনেক উন্নয়ন আটকে দিয়েছে কর্তৃপক্ষ।

 

তিনি বলেন, ‘উপাচার্য স্যারে কাছে গেলে তিনি বলেন- এটাতো প্রো-ভিসি এডমিনের কাজ, তার কাছে যাও। কিন্তু তার কাছে গেলে মিটিংসহ বিভিন্ন অজুহাত দেখিয়ে এড়িয়ে যান। এক পর্যায়ে কমিটির সভায় নারী জিমনেসিয়াম উদ্বোধন করে দেয়া হবে। কিন্তু একটা সভা করতে কি ৩ মাস লেগে যায়?’ 

 

তবে সব অভিযোগ অস্বীকার করেছে প্রশাসন। উল্টো কোনো নিয়ম না মেনে জিমনেসিয়াম বানানো হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

ঢাবির উপ-উপাচার্য ড. মো. আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ‘ইঞ্জিনিয়ারিং সেকশনের  অনমুতির ব্যাপার রয়েছে এবং আমাদের একটা কমিটি আছে তার অনুমদোন নিতে হয়। সেই প্রক্রিয়াগত কিছু ধাপ বাকি রয়েছে। এগুলো সম্পন্ন হওয়ার পর শিগগির জিমনেসিয়াম চালু হবে।’

ঢাবিতে ৫ মাসেও চালু হয়নি নারী জিমনেসিয়াম, ডাকসু-প্রশাসন পাল্টাপাল্টি দোষারোপ | সময় নিউজ