প্রতিবেদক, যশোর
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১২:২০

যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মিজানুর রহমান কুষ্টিয়ার বাটকেমারি গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামের সেকেন্দার আলীর ছেলে ইদ্রিস আলীর বাড়িতে ৩ জনের একটি চোরচক্র প্রবেশ করে। চোরেরা গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করলে বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক ইদ্রিস আলী চিৎকার শুরু করেন। তার চিৎকারে গ্রামবাসী এক হয়ে চোরদের ধাওয়া দেয়। এসময় দলের দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও মিজানুর রহমানকে ধরে ফেলে বিক্ষুব্ধ জনতা। পরে জনতার গণপিটুনিতে তিনি মারাত্মক আহত হন।
গরু মালিক ইদ্রিস আলী বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে বের হয়ে দেখি গোয়ালঘরে ৩ জন লোক তালা ভাঙছে। ডাক-চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলে, বাকি দুজন পালিয়ে যায়। এক বছর আগেও আমার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছিল।
এদিকে খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেজা উদ্দিন জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী অতিরিক্ত আঘাতজনিত অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, খবর পেয়ে পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য গ্রাম থেকে একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

