নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৩:২৯

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ফাইল ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনায় সরকার নয় কর্তৃপক্ষই জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির অভিষেক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
মুক্তযুদ্ধমন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি বিরোধী দলকে সঙ্গে নিয়ে একটি স্বচ্ছ জবাবদিহিমূলক সংসদ তৈরি করতে। অতীতের মতো শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা না করার আহ্বান জানাচ্ছি। সরকারের ভুলের পাশাপাশি সঠিক সিদ্ধান্তের প্রশংসা করলেই জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে।’
সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনা করা সরকারের লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। যখনই দেশ এগিয়ে যেতে চায় তখনই বিরোধিতার নামে দেশবিরোধীরা ষড়যন্ত্র করে। বিরোধী দল সংসদে এক ধরনের কথা বলে বাইরে তাদের সুর পরিবর্তন হয়ে যায়। লং মার্চের নামে দেশকে অস্থিতিশীল করতে চায়। সরকার অস্থিতিশীল অবস্থায় গেলে বিরোধী দলও শান্তিতে থাকতে পারবে না।’
রাতের আঁধারে বিরোধী দলের সঙ্গে ফ্যাসিবাদের আতাত হলে তা কারো জন্যই ভালো হবে বলেও আশঙ্কার কথা জানালেন আহমেদ আযম খান।
মন্ত্রী বলেন, ‘রাড্ডার ঘটনায়, সরকার হার্ড লাইনে ছিল। যারা জড়িত ছিল তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। বিমানবন্দরের ঘটনায় সরকার নয়, বিমানবন্দর প্রসাশনই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এতেও বিরোধী দল অভিমান করেছে।’
জনগণ যেন সরকারি কর্মকর্তা-কর্মচারী দ্বারা হয়রানির স্বীকার না হয় সে বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দাবি দাওয়া সুনির্দিষ্টভাবে জানানোর অনুরোধ। পর্যায়ক্রমে সব দাবি দাওয়া মানা হবে। আসুন সবাই মিলে এই সরকারকে সহযোগিতা করি।’
বিরোধী দলকে ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আগামীতে তত্বাবধায়ক সরকারের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

