নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৩:৫১

সরকারি ভবনের ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে আনতে চায় সরকার।
সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে দেশে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে সরকার। আগামী ছয় মাসের মধ্যে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিতেও সরকার কাজ করছে।
শনিবার (৩ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অংশগ্রহণে সমবায় অধিদফতর আয়োজিত সৌরবিদ্যুতের ব্যবহার ও ডেঙ্গু প্রতিরোধ পর্যালোচনা সভায় এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব দফতরের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে উদ্যোগ নিতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।
এ সময় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সর্বোচ্চ ভূমিকা রাখা কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর মাধ্যমে পুরস্কৃত করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনেও সৌরবিদ্যুৎ ব্যবহার ও উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে দেয়া হচ্ছে। পুরো প্রক্রিয়ার সফলতার জন্য বিদ্যুৎ বিভাগের বিভিন্ন সংস্থাকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে সরকার সর্বশক্তি নিয়োগ করবে বলেও আশ্বস্ত করেন। দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে বিশেষ উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার বলেন, সকল সরকারি দফতরের ছাদে আগামী ছয় মাসের মধ্যে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে হবে। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আইন প্রয়োগ এবং সার সংকট নিরসনে মনিটরিং জোরদার করারও কথা বলেন তিনি।

