আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৩:১২

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়ার আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আশঙ্কায় সতর্কতা জারি করেছে। রয়টার্স ফাইল ছবি
শনিবার (৩ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া দেশটির পূর্ব উপকূলের সাগর লক্ষ্য করে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানায়, কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের বন্দরনগরী ওনসান থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি ৭০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে।
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর পরিস্থিতি পর্যালোচনায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা কার্যালয় জরুরি বৈঠক করেছে বলে প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়ার আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আশঙ্কায় সতর্কতা জারি করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ের কথা জানিয়েছে।
শনিবার জাপান জরুরি সতর্কতা জারি করে বলেছে, ‘উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।’
যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ড জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি সম্পর্কে অবগত। এ বিষয়ে মিত্র ও অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা চলছে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ড জানায়, ‘বর্তমান মূল্যায়ন অনুযায়ী, এই ঘটনা যুক্তরাষ্ট্রের কোনো কর্মী বা ভূখণ্ড কিংবা আমাদের মিত্রদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করছে না।’

