খেলা ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৩:০৮

মোহাম্মদ সালাহউদ্দিন। পুরনো ছবি (সংগৃহীত)
এশিয়ান গেমস ক্রিকেটের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার যে দলটার কাছে বাংলাদেশ হেরেছে, তাদের প্রায় সবাই আন্তর্জাতিক অঙ্গনে অপরিচিত। বলা যায়, লঙ্কানদের দলটা দ্বিতীয় সারির। সাহান আরাচিগের নেতৃত্বাধীন সেই দলের কাছে ১০২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
১৬৬ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ হেরেছে ৬৩ রানে। এই হারের পর দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। নিজেদের ব্যর্থ বলে মন্তব্য করেছেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন বলেন, ‘সত্যিকার অর্থেই আমরা দেশবাসীর কাছে লজ্জিত। কোচ হিসেবেও মনে করি ব্যর্থ হয়েছি। আমাদের কাছে দেশবাসীর যে প্রত্যাশা ছিল, সেটা পূরণ করতে পারিনি। খুবই হতাশাজনক। পুরো দেশবাসীর কাছে আমরা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী।’
টি-টোয়েন্টিতে মোস্তাফিজুর রহমানকে ডেথওভার স্পেশালিস্ট মনে করা হয়। সেই তিনিই নাগোয়ায় ৩ ওভারে খরচ করেছেন ৪৩ রান, লেগ স্পিনার রিশাদ হোসেনের ৪ ওভারে শ্রীলঙ্কা তুলেছে ৪৬। সালাহউদ্দিন বলেন, ‘এই উইকেটে বোলাররা কয়েক ওভার খুব বাজে করেছে। যারা টি-টোয়েন্টি স্পেশালিস্ট তারাই বেশি রান দিয়েছে। ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বেশি উইকেট হারিয়েছি।’
ফিজকে নিয়ে সালাহউদ্দিন বলেন, ‘আসলে মোস্তাফিজ অনেকদিন ধরে ইনজুরিতে ছিল এবং সে আমাদের গত ১০ বছরে সেরা খেলোয়াড়দের একজন। খেলার মধ্যে নতুন কোনো ইন্সট্রাকশন পাঠানো হয় না। বিশেষ করে সে ডেথ ওভার স্পেশালিস্ট। ফলে তার ওপর আমাদের ভরসা রাখতেই হয়।’

