হায়দার আলী
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১২:১৯

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভেতরে বাথরুম থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স জানা যায়নি।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান।
তিনি জানান, সকালে হাসপাতালের পরিচ্ছন্নকর্মী বাথরুমে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর দিলে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দেখা যায়, বাথরুমের ওপরের লোহার পাইপের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে ওই তরুণী। তবে তার শরীর থেকে প্রচুর পরিমাণ রক্ত ঝরে ফ্লোরে জমে আছে।
তিনি জানান, সঙ্গে সঙ্গে শাহবাগ থানায় খবর দিলে শাহবাগ থানার ওসিসহ পুলিশ ঘটনাস্থলে এসেছেন। ওই তরুণীর নাম পরিচয় জানা যায়নি। তিনি হাসপাতালে রোগী, ভিজিটর নাকি বাইরে থেকে এসেছেন; সেটিও জানা যায়নি। ঝুলন্ত মরদেহের পায়ের নিচেই একটি ভ্যানিটি ব্যাগ রয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
ঢাকা মেডিকেলের কয়েকজন পরিচ্ছন্নকর্মী জানান, তারা ৩ জন সকাল ১০টার দিকে হাসপাতালের ১১০/১১১ নম্বর ওয়ার্ডের পাশে রোগীদের বাথরুম পরিষ্কার করতে যান। তখন একটি বাথরুমের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান। সব বাথরুম পরিষ্কার করার পরও সেই বাথরুমের ভেতর থেকে কেউ বের না হওয়ায় তারা ডাকাডাকি শুরু করেন। তাতেও কোনো সাড়াশব্দ না পেয়ে লাথি দিয়ে দরজা খুলে দেখেন, ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই তরুণী।
তারা জানান, দরজাটির ভেতরে ছিটকিনি না থাকায় ভেতরে ঢুকে রশি দিয়ে বেঁধে রাখতে হয়। সেজন্য দরজাটি কিছুটা ফাঁকা থাকে। বাইরে থেকেও যে কেউ হাত ঢুকিয়ে ভেতরে সেই রশিটি আটকাতে পারবে।
বাথরুমে ভেন্টিলেটরের একটি বড় ফাঁকা জায়গা রয়েছে। সেখান দিয়েও যে কেউ বাইরে বেরিয়ে যেতে পারবে। সব মিলিয়ে ঘটনাটি সন্দেহের বাইরে রাখছে না আইনশৃঙ্খলা বাহিনী।

