অর্থ-বাণিজ্য

আরএমজির বাইরে পাটখাত বিকাশে সরকারের পরিকল্পনা রয়েছে: মন্ত্রী

ইয়ানূর সিফাত

প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১১:৫১

আরএমজির বাইরে পাটখাত বিকাশে সরকারের পরিকল্পনা রয়েছে: মন্ত্রী

বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

কাঁচামাল হিসেবে পাট রফতানির পরিবর্তে ভ্যালু অ্যাডেড ও বহুমুখী পাটপণ্য তৈরির মাধ্যমে রফতানি বাড়াতে কাজ করছে সরকার। একইসঙ্গে তৈরি পোশাকের পাশাপাশি পাট খাতের বিকাশেও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) বহুমুখী পাটপণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


বাণিজ্যমন্ত্রী বলেন, কাঁচা পাট রফতানি ভ্যালু অ্যাডেড পণ্যের সবচেয়ে নিচের ধাপ। তাই পাটের ফাইবারের সঙ্গে কটন বা অন্য ফাইবার মিশিয়ে নতুন ও বহুমুখী পণ্য তৈরির পরিকল্পনা করছে সরকার।


প্যাকেজিংকেও ভ্যালু অ্যাডেড পণ্য তৈরির বড় একটি ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন তিনি। মন্ত্রী বলেন, পাটকে ভ্যালু অ্যাডেড পণ্যে রূপান্তর করা গেলে প্রতি টনে ৪ হাজার থেকে ৫ হাজার ডলার পর্যন্ত আয় করা সম্ভব।


খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জেডিপিসি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বেসরকারি সংগঠনগুলোর সমন্বয়ে এ পরিকল্পনা বাস্তবায়নে কাজ করা হচ্ছে। উৎপাদিত পাটের সর্বোচ্চ পরিমাণ ভ্যালু অ্যাডেড ও বহুমুখী পণ্যে রূপান্তর করাই সরকারের লক্ষ্য।

আরএমজির বাইরে পাটখাত বিকাশে সরকারের পরিকল্পনা রয়েছে: মন্ত্রী | সময় নিউজ